বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবি চট্টগ্রাম মেয়রের
বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ইতিহাসের চাকাকে উল্টো পথে পরিচালনা করেছিল তাদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার বিকেলে দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম নগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
তিনি বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধু যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তা শোষিত মানুষের বাসযোগ্য ভূমির জন্য। যারা ইতিহাসের চাকাকে উল্টো পথে পারিচালনা করছে তাদের মুখোশ উম্মোচন করতে হবে এবং ইতিহাস বিকৃতিকারীদের আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে।
“আমরা শোককে শক্তিতে পরিণত করতে পেরেছি বলে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। রাজনীতিতে আমাদের সবাইকে পরিশুদ্ধ হতে হবে। আদর্শিক ত্যাগী নেতাদের দলের নেতৃত্বে আনতে হবে, তাহলেই দল আরও শক্তিশালী হবে।”
সভায় নগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতাবিরোধী চক্র জাসদের ছত্রছায়ায় বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে নানাবিধ ধ্বংসাত্মক কার্যকলাপ করে।
“মেজর জিয়া স্বাধীনতার শত্রু শাহ্ আজিজকে প্রধানমন্ত্রী নিয়োগ করে এবং অন্যান্যদের মন্ত্রী সভার সদস্য ও এমপি নির্বাচিত করেন। খালেদা জিয়া আলী আহসান মুজাহিদদের মন্ত্রী বানিয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে তার যে বন্ধুত্ব রয়েছে তা জাতির কাছে স্পষ্ট করেছে।”
নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে সভায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মাহফুজুর রহমান খান, নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জাতীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক সম্পাদক রুবা হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
