২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পের অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে দেওয়ায় জরিমানা

শিল্প কারখানায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে সরবরাহ করায় চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 08:54 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

এই ধরনের ১২১টি অক্সিজেন সিলিন্ডার জব্দও করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মেইজ্জারটেক সংলগ্ন সিডিএর টেক এলাকায় অবস্থিত জিলানি অক্সিজেন লিমিটেডকে এ জরিমানা করা হয়।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিনা সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করেন বিস্ফোরক অধিদপ্তরের একজন সহকারী পরিদর্শক।

শাহিনা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে হাসপাতালসহ বিভিন্ন স্থানে ‘ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন’ সরবরাহ করার অভিযোগ পেয় তারা অভিযান চালিয়েছিলেন।

তিনি বলেন, “জিলানি অক্সিজেন লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন উৎপাদন ও সরবরাহের লাইসেন্স ছিল, কিন্তু মেডিকেল অক্সিজেন সরবরাহের কোনো লাইসেন্স তাদের নেই। অথচ নগরী ও উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রতিষ্ঠানটি মেডিকেল অক্সিজেন সরবরাহ করে আসছিল এতদিন।”

শিল্পে ব্যবহৃত অক্সিজেন কোভিড রোগীদের জন্য ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে জানিয়ে শাহিনা সুলতানা বলেন, “মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের জন্য আলাদাভাবে অনুমোদন নিতে হয়। সেকারণে জিলানি অক্সিজেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৫৯টি ছোট ও ৬২টি বড় সিলিন্ডার জব্দ করা হয়।”