২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র কেনা-বেচায় জড়িত ৩ জন গ্রেপ্তার

প্রাইভেটকার ভাড়া করে অস্ত্র সরবরাহ করতে যাওয়ার সময় চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 05:25 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

নগরীর কোতোয়ালী থানার বক্সিরহাট ও হালিশহর থানার মুহুরি পাড়া উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. কায়েস (২৩), নজরুল ইসলাম আনু (২৫) ও সাজ্জাদ হোসেন সজীব (২৭)। তাদের মধ্যে কায়েসকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আর তাকে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয় বাকি দুজনকে।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার তিনজন অস্ত্র কেনাবেচার একটি ‘সিন্ডিকেট’। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র বিভিন্ন বিভিন্ন ব্যক্তি কিংবা চক্রের কাছে টাকার বিনিময়ে সরবরাহ করে।

মঙ্গলবার বিকালে বক্সিরহাটে আসা একটি প্রাইভেটকারকে পুলিশ থামার সঙ্কেত দিলে গাড়িতে বসা কায়েস নেমে পালানোর চেষ্টা করে।

তখন তাকে গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায় বলে জানান ওসি নেজাম।

তিনি বলেন, “থানায় নিয়ে কায়েসকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় অস্ত্রটি আনু ও সজীবের কাছ থেকে সংগ্রহ করেছিল সে। বক্সিরহাট এলাকায় অপর এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিল।

“রাতে তাকে নিয়ে হালিশহর মুহুরি পাড়ার উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আনু ও সজীবকে গ্রেপ্তার করা হয়।”

আনু ও সজীব পুলিশকে বলছেন, ওবায়দুল হাসান আলভী নামে তাদের এক পরিচিত যুবকের কাছ থেকে অস্ত্রটি কিনে নিয়ে কায়েসের কাছে বিক্রি করেন।

আলভীর বাসায় অভিযান চালিয়ে পুলিশ তার খোঁজ পায়নি বলে জানান ওসি নেজাম।

এঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক আলভীকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে।