২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটায় ৪ জনকে ৭ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় চার ব্যক্তিকে প্রায় সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 07:55 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

নগরীর আকবরশাহ, কোতোয়ালি ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয় এ জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকায় জঙ্গল লতিফপুর মৌজার অন্তর্গত পাহাড় কাটার দায়ে নুরুল আলম নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে কোতোয়ালি এলাকায় পাহাড়তলী মৌজার অন্তর্গত একটি পাহাড় কাটার দায়ে আমিনা বেগম নামে একজনকে জরিমানা করা হয় এক লাখ টাকা।

লালখান বাজার এলাকায় দক্ষিণ পাহাড়তলী মৌজার অন্তর্গত আলাদা দুইটি পাহাড় কাটায় জাহিদুল ইসলাম জাবেদ ও সাবিনা বেগম নামে দুজনকে যথাক্রমে ৫০ ও ৪০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৭ ধারা অনুযায়ী করা এসব জরিমানার টাকা আগামী সাত কার্যদিবসের মধ্যে পরিশোধের জন্য আদেশ দেওয়া হয়েছে বলে জানান নূরুল্লাহ।

এদিকে পরিবেশ ছাড়পত্রবিহীন ডক ইয়ার্ড পরিচালনার দায়ে কালুরঘাট এলাকায় 'কালুরঘাট ডকইয়ার্ড' নামে একটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

কাটা হচ্ছে পাহাড়ের গোড়া, যেন বর্ষায় ধসে পড়ে