২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গমাতা স্মরণে চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশের স্বাধীনতার এক অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 10:28 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নগরীর চশমা হিলে আয়োজিত আলোচনা সভায় হাসিনা মহিউদ্দিন বলেন, “মহিয়ষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এমনি একজন নারী, যিনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহস ও প্রেরণা যুগিয়েছিলেন। বঙ্গমাতা বাংলাদেশের স্বাধীনতার এক অবিচ্ছেদ্য অংশ।

“বঙ্গবন্ধু যখন কারারুদ্ধ তখন দলীয় নেতা-কর্মীদের লালন পালন করেছেন ও খোঁজ খবর নিয়েছেন। কারারুদ্ধ বঙ্গবন্ধুর সকল নির্দেশনা তিনি দলের তৃণমূল স্তরে পৌঁছে দিয়েছেন। এমনকি দেশের কোন পরিস্থিতিতে কী করণীয়, সে ব্যাপারেও বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছেন। আবার তিনি পরম মমতায় নিজের সন্তানদের মানুষ করেছেন।”

হাসিনা মহিউদ্দিন বলেন, “আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে নারীরা বেগম মুজিবের জীবন ধারা অনুসরণ করতে হবে। বঙ্গমাতার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে সংকট উত্তোরণে শক্তি ও সাহস যোগাতে হবে।”

নগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মমতাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, হাসিনা আকতার টুনু, হুরে আরা বিউটি, লায়লা আক্তার এটলী, শারমিন ফারুক, আয়েশা আলম, ফাতেমা আকতার, আঞ্জুমানা আরা বেগম, আয়েশা আক্তার পান্না, ইশরাত জাহান, মনোয়ারা বাহাদুর, আয়েশা ছিদ্দিকা।