সীতাকুণ্ডে রেল লাইন থেকে ছিন্নভিন্ন লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনের ওপর থেকে ট্রেনে কাটা পড়া একটি ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলনাইন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সারোয়ার আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঢাকামুখী রেল লাইনের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি কোনো পুরুষের, তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।”
ওসি বলেন, লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও প্রতিদিন এ লাইন দিয়ে কন্টেইনার, পার্শ্বেল এবং তেলবাহী ট্রেন চলাচল করে। রাতে বা ভোরে কোনো এক সময়ে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
“ট্রেনের সাথে আটকে বেশ কিছু দূর হিঁচড়ে চলে যাওয়ার কারণে তার পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।”
উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
