অপহরণের পর তাৎক্ষণিক অভিযানে তরুণীকে উদ্ধার
চট্টগ্রামের বালুছড়ায় এক তরুণী অপহৃত হওয়ার পর তাৎক্ষণিক অভিযানে নেমে তাকে উদ্ধার করেছে পুলিশ।
পাঁচ ঘণ্টার দীর্ঘ অভিযান শেষে শুক্রবার ভোরের দিকে বালুছড়া এলাকার চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন একটি পাহাড় থেকে মুরাদ হোসেন নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানিয়েছেন।
৩৩ বছর বয়সী মুরাদ বায়েজিদ বোস্তামী থানা এলাকার কুলগাঁও মাইজপাড়ায় থাকেন। মুরাদ ও তার এক পলাতক সহযোগীর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন ওই তরুণী।
উদ্ধার ওই তরুণী বালুছড়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। দুই শিফটের কাজ শেষে রাত ১১টায় বের হয়ে সহকর্মী এক তরুণের সঙ্গে বালুছড়ার ফৌজি ফ্লাওয়ার মিল এলাকায় তিনি বাসা দেখতে গিয়েছিলেন।
পুলিশকে ওই তরুণী বলেছেন, তার বাসা আকবর শাহ এলাকায়। লকডাউনে যাওয়া আসা এবং ওভারটাইম করা কষ্টকর হওয়ায় বালুছড়া এলাকায় কারখানার কাছাকাছি বাসা খুঁজছিলেন তিনি।
ওসি কামরুজ্জামান বলেন, “সেনানিবাস সংলগ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নাজিরহাট রেল লাইন দিয়ে যাওয়ার সময় মুরাদ ও তার এক সহযোগী তরুণীর সঙ্গে থাকা সহকর্মীকে এলোপাথারি মারধর করে তাকে টেনে পাহাড়ের দিকে নিয়ে যায়।”
মার খেয়ে ওই তরুণ সেখান থেকে দৌঁড়ে মূল সড়কে চলে আসে এবং বায়েজিদ বোস্তামী থানার টহল পুলিশকে ঘটনা জানায়। দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি থানায় জানিয়ে ওই তরুণকে নিয়ে পাহাড়ে অভিযানে যায়।
কিন্তু অন্ধকারে টহল পুলিশ কারো সন্ধান না পেয়ে থানায় জানালে থানা থেকে আরও একটি দলকে পাঠানো হয়। পাহাড়ে টর্চ ও বাঁশির শব্দ শুনে রাত আড়াইটার দিকে ওই তরুণী জঙ্গল থেকে বের হয়ে আসে।
ওসি বলেন, “মুরাদ ও তার এক সহযোগী জনবসতিহীন ওই পাহাড়ে নিয়ে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে সে আত্মরক্ষার্থে মুরাদকে ধাক্কা দিয়ে পালিয়ে কিছু দূর গিয়ে পাহাড়ের জঙ্গলে লুকিয়ে থাকে। মুরাদ তখন আশপাশে তার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ চলে আসায় সে পালিয়ে যায়।”
ওই তরুণীর কাছ থেকে বাকি ঘটনা শুনে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। ভোর রাত সাড়ে ৪টার দিকে মুরাদকে একটি জঙ্গলের ভেতর থেকে শুয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
