কোডিড: চট্টগ্রাম জেলায় একদিনে রেকর্ড ১৪ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে মারা গেছেন ১৪ জন, যা জেলায় সর্বোচ্চ।
সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া হিসেব অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এই ১৪ জনের মধ্যে সাতজন চট্টগ্রাম মহানগর এলাকার এবং বাকি সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।
এর আগে গত ২৫ এপ্রিল চট্টগ্রাম জেলায় একদিনে ১১ জনের মৃত্যু হয়েছিল।
সব মিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৯৭ জন মহানগরী এলাকার এবং ২৭৪ জন উপজেলার বাসিন্দা ছিলেন।
জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি পরীক্ষাগারে ২০৮২টি নমুনা পরীক্ষা করে আরও ৭০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ০৫ শতাংশ।
নতুন রোগীদের মধ্যে ৪১৬ জন মহানগরীর এবং ২৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগেরদিন শনিবার চট্টগ্রামে ৬০৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল, মৃত্যু হয়েছিল তিনজনের।
মহামারীর ষোল মাসে চট্টগ্রাম জেলায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮ জনে।
