২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্তের মৃত্যুতে শোক

কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক অরুণ দাশগুপ্তের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনীতিবিদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 12:58 AM

Updated : 07 Apr 2022, 11:21 PM

শনিবার বেলা সোয়া ১২টার দিকে পটিয়া উপজেলার ধলঘাটে নিজ বাড়িতে মারা যান অকৃতদার অরুণ দাশগুপ্ত (৮৬)।

এদিনই পারিবারিক শ্মশানে মা-বাবার শ্মশানের পাশে অরুণ দাশগুপ্তের দাহ সম্পন্ন হয়।

এর আগে ধলঘাটের বাড়িতে গিয়ে প্রয়াত অরুণ দাশগুপ্তের মরদেহে ফুল দেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা।

এদিকে এক শোক বার্তায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তখ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, “দৈনিক আজাদীর সাবেক সহযোগী সম্পাদক অরুণ দাশগুপ্ত অসংখ্য প্রবন্ধ ও কাব্যের প্রণেতা। তিনি সাহিত্য ও সাংবাদিকতায় যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।“

পৃথক শোক বার্তায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, “সাংবাদিকতা ও সাহিত্যে অনন্য অবদান রাখা অরুণ দাশগুপ্তের মৃত্যুতে গভীর সমবেদনা জানাই। উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।“

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন শোক বার্তায় বলেছেন, “কবি-সাংবাদিক এবং সর্বজন শ্রদ্ধেয় মানস সম্পদ অরুণ দাশগুপ্ত চট্টলবাসীর অহংকার। অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক হিসেবে শুদ্ধ মননের বিকাশ ও জ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন তিনি।

“সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তির অভিভাবক হিসেবে আমাদের সকলের আশা ও ভরসার কেন্দ্রবিন্দু ছিলেন। উনার মৃত্যুতে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি সাধিত হল।”

নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন এক শোক বার্তায় বলেন, “তিনি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন। প্রকৃত অর্থে তিনি সকল শুভ চিন্তা ও কল্যাণের পূজারী ছিলেন। উনার মৃত্যুতে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি সাধিত হল।“

পুরনো খবর:

কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্তের জীবনাবসান