২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেমের ফাঁদে ফেলে পুলিশ সেজে’ টাকা আদায়, গ্রেপ্তার ৪

এক যুবককে ‘প্রেমের ফাঁদে ফেলে’ আটকে রেখে টাকা আদায়ের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 08:50 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

নগরীর মেম গলি থেকে শুক্রবার রাতে ওই যুবককেও উদ্ধার করা হয়েছে বলে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

গ্রেপ্তার চারজন হলেন- পারভেজ হোসেন জুয়েল (২৮), সাইদুল ইসলাম (৩৪), আশরাফুল আলম ওরফে সাগর (২৩) ও রহিমা আক্তার রূপা (২৫)।

ওসি মহসিন বলেন, “এরা চারজন একটি চক্র। তাদের মধ্যে রূপা টার্গেট করা ব্যক্তিকে ফোন করে প্রেমের অভিনয় করে বাসায় ডেকে আনে। অন্যরা পুলিশ পরিচয়ে সে বাসায় গিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তারের হুমকি দিয়ে টাকা আদায় করে।”

তিনি জানান, শুক্রবার সকালে রূপা মোবাইলে কল করে এক যুবককে মেম গলির ওই বাসায় ডেকে নেন। আর অন্যরা সেখানে ওই যুবককে ধরে তাকে গ্রেপ্তার এবং জেলে নিয়ে যাওয়ার ভয় দেখায় এবং ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করে।  

সকাল থেকে বাসায় আটকে রাখার পর রাতে জিম্মি যুবক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ তখন তাদের গ্রেপ্তার এবং ওই যুবককে উদ্ধার করে বলে জানান ওসি।