২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের অটোরিকশার নম্বর প্লেট ‘চোর চক্রের একজন’ গ্রেপ্তার

বিভিন্ন অটোরিকশার নম্বর প্লেট ও কাগজপত্র চুরি করে মালিকের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে চট্টগ্রামে এক চালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 08:22 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

নগরীর পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকা থেকে শুক্রবার রাতে খোরশেদ আলম (২৮) নামে ওই অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর)  নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোরশেদ বিভিন্ন গ্যারেজে রাখা অটোরিকশার নম্বর প্লেট ও গাড়ির কাগজপত্র চুরি করতেন। পরে মালিককে ফোন করে সেসব ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করতেন।

“চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর সে নির্দিষ্ট একটি স্থানে সেগুলো রেখে যেত, যেখান থেকে মালিক সংগ্রহ করতে পারেন।”

নোবেল চাকমা জানান, চট্টগ্রামে একটি চক্র আছে, যারা এভাবে বিভিন্ন ট্রাক ও কভার্ড ভ্যানের নম্বর প্লেট ও কাগজপত্র চুরি করে মালিকের কাছে টাকা দাবি করে। এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে খোরশেদের খোঁজ পায়।

তার কাছ থেকে পাঁচটি অটোরিকশার নম্বর প্লেট ও দুটি অটোরিকশার কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা নোবেল।

তিনি বলেন, “খোরশেদ জিজ্ঞাসাবাদে বলেছে, ওই চক্রে আরও কয়েকজন আছে। তৌহিদ নামে একজন তাদের দলনেতা। তাদেরও ধরার চেষ্টা চলছে।”