Published : 10 Jul 2021, 12:58 PM
ফাইল ছবি
নিহত কিশোরের নাম মেহেদী হাসান, আনুমানিক ১৪ বছর বয়েসী এ কিশোরের বাড়ি ভোলা জেলায়। তবে মা ও ছোট ভাইসহ পটিয়া পৌরসভা এলাকায় থাকেন। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বুকে ধারাল ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ওই কিশোরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে মনে হলেও নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে পুলিশ।
পরিদর্শক রাশেদুল বলেন, ওই কিশোর শুক্রবার সন্ধ্যায় রিকশা চালানোর জন্য ঘর থেকে বের হয় বলে তার মা জানিয়েছে। সকালে তার লাশ পাওয়া যায় ধাউরডেঙ্গা এলাকায়। লাশ উদ্ধারের সময় রিকশাটি পাওয়া যায়নি।
তিনি বলেন, “আমরা অটো রিকশার মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, মেহেদী রাতে গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়েছে কিনা, রিকশা গ্যারেজে রেখে এসেছে কিনা সেটার বিষয়ে। তখন বলা যাবে এটা রিকশা ছিনতাই নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড।”