চট্টগ্রামে কাউন্সিলরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ছেলেদের মারধরের অভিযোগ
চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর বিরুদ্ধে খলিফাপট্টি এলাকার বাসিন্দা এক আওয়ামী লীগ নেতার দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে।
ভবনের নির্মাণ সামগ্রী নিয়ে গলিতে ট্রাক ঢোকাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।
ভবন মালিক ওই আওয়ামী লীগ নেতার ছেলের দাবি, অতীতে চাঁদা চেয়ে না পেয়ে মারধরের ঘটনা ঘটান কাউন্সিলর।
মারধর বা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলছেন, নির্ধারিত সময়ের আগে গলিতে ট্রাক ঢোকায় নিষেধ করায় তাকেই উল্টো গালাগালি করেন ভবন মালিকের ছেলেরা।
২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী সাবেক প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর ভবন মালিক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদার।
শুক্রবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারের খলিফাপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে প্রতিকার চান। সেখান থেকে তাদের কোতোয়ালীর থানার কর্মকর্তার নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হলে তারা ওসিকে ফোন দেন।
সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মোনাফ সিকদারের ছেলে ব্যাংক কর্মকর্তা নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত (শুক্রবার) সাড়ে ৮টার দিকে বাড়ির কাজের জন্য টাইলসের গাড়ি আসে। লকডাউনে গাড়ি কম তাই গলিতে প্রবেশ করে। এসময় সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
“সেটা আমি জানতামও না। গাড়িটা সুন্দরভাবে চলে যায়। পেছনের গাড়িতে ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি গাড়ি থেকে নেমে ধমকাতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকদের মারধর শুরু করেন।”
এই ঘটনার পর টাইলসের গাড়ি গলি থেকে বের হয়ে যায় জানিয়ে নাসির উদ্দিন বলেন, “সাড়ে ১১টার দিকে আবার গাড়ি ঢোকাতে গেলে বাধা দেওয়া হয়। এরপর আবার সেখানে আসেন কাউন্সিলর। সঙ্গে কয়েকজন ছিলেন। এসেই হুমকি-ধমকি দিতে থাকেন।
“পরে তিনি ও তার লোকজন আমার ছোট ভাই গিয়াস উদ্দিনকে মারেন। আমি বাধা দিতে গেলে আমাকেও থাপ্পড় মারে। তখন নিরুপায় হয়ে ৯৯৯ এ ফোন করি। পুলিশ এসে উদ্ধার করে।”
নাসির উদ্দিন বলেন, “বাড়ির কাজের শুরু থেকেই তিনি চাঁদা দাবি করছিলেন। নির্বাচনের আগে উনার ভাইয়ের মাধ্যমে ৩০ হাজার টাকা দিই। পরে আবার সিডিএ’র প্ল্যান ঠিক নেই দাবি করে সমস্যা শুরু করে। সিডিএর লোকজন দেখে বলেছে সব ঠিক আছে।
“এরপর স্থানীয় কয়েকজনের মাধ্যমে চাপ দিতে থাকে। সবশেষ বৃহস্পতিবারও ফোন করে আমার বাবাকে থ্রেট দেয়। বাবা একজন বয়স্ক মানুষ, উনিও আওয়ামী লীগ নেতা। উনাকেও গালিগালাজ করেছেন কাউন্সিলর।”
এই ঘটনায় থানায় অভিযোগ দেবেন বলে জানান নাসির উদ্দিন।
অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১২টার আগে গলিতে নির্মাণ সামগ্রীর গাড়ি ঢোকানো নিষেধ। রাত ৮টায় তারা ট্রাক ঢোকায়। এজন্য গাড়ি চলাচল করতে পারছিল না। আমার গাড়িও যেতে পারছিল না। দরজায় চাপ লাগে।
“ওই এলাকা দিয়ে আসার সময় সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের গাড়িও আটকা পড়ে। দরজায় দাগ লাগে। পরে এলাকার লোকজন এভাবে গাড়ি ঢোকানোর কারণে প্রতিবাদ করেন। তখন আমি ট্রাকটি সিরাজুদ্দৌলা রোডে (মূল সড়ক) পাঠিযে দিই। এরপর বাসায় চলে আসি।”
হাসান মাহমুদ হাসনী বলেন, “রাত সোয়া ১১টার সময় তারা আবার ট্রাক ঢোকানোর চেষ্টা করলে এলাকার সিকিউরিটি সুপারভাইজার আমাকে ফোন দেয়। তাদের কর্মচারীদের সাথে সুপারভাইজার খারাপ ব্যবহার করেছে দাবি করে আমাকেও গালাগালি করে।”
কাউন্সিলরের সাথে ‘ঝামেলা’ দেখে স্থানীয়রা জড়ো হয়েছিল বলে দাবি করেন তিনি বলেন, “বাবা ছেলে তিনজনই উত্তেজিত হয়ে আমাকে খারাপ ব্যবহার করে। তা দেখে লোকজন জমে যায়। আমি কাউকে নিয়ে যাইনি।”
মারধর করা ও চাঁদা দাবির কোনো ঘটনাই ঘটেনি বলে জানান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষের গাড়ি নিয়ে সমস্যা হয়। আমরা গিয়েছিলাম ফোন পেয়ে। কেউ থানায় অভিযোগ করলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
