মাছের আড়ালে ইয়াবা পাচার
বৈদ্যুতিক তার ও মাছ পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে একটি ট্রাক ও কভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড ও শিকলবাহা ক্রসিং এলাকায় দুই অভিযানে পাঁচ জনকে গ্রেপ্তারের পাশাপাশি জব্দ করা হয় ৪০ হাজার ইয়াবা ও ২০ কেজি গাঁজা।
গ্রেপ্তার পাঁচজন হলেন- আলী হোসেন (২৮), মো. বেলাল (৩০) মো. জাহিদ (২০), মো. জাহাঙ্গীর (২২) ও আজিজুল হক (২৫)।
তাদের মধ্যে আলী, বেলাল ও জাহিদকে গাঁজা এবং অন্য দুইজনকে ইয়াবা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনে জরুরি ও রপ্তানিযোগ্য পণ্য বহন ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ থাকায় মাদক পাচারের কৌশল হিসেবে জরুরি পরিষেবার গাড়িগুলো বেছে নিয়েছে মাদক কারবারিরা।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যে তারা খবর পায় কুমিল্লা থেকে চট্টগ্রামে গাঁজা আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি উত্তর বাজারে ঢাকা-চট্টগাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।
ভোর রাতের দিকে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার নিয়ে চট্টগ্রামের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা চেকপোস্টে সেটি থামানোর সংকেত দেয়। এসময় ট্রাক থামিয়ে চালক আলী, সহকারী বেলাল ও জাহিদ পালানোর চেষ্টা করলে তাদের ধরা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ট্রাকের পেছনে বিশেষ কৌশলে রাখা গাঁজার প্যাকেটগুলো বের করে দেয়।
সকালে শিকলবাহা চেকপোস্টে কক্সাবাজার থেকে ঢাকার দিয়ে যাওয়া মাছ পরিবহনকারী একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় কভার্ডভ্যান চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুলকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুই ঘটনায় সীতাকুন্ড ও কর্ণফুলী থানায় আলাদা দুইটি মামলা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
