২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাই ফ্লো নেইজল ক্যানুলা’ পেল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

বন্দরনগরীতে কোভিড আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুটি হাই ফ্লো নেইজল ক্যানুলা দিয়েছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2021, 07:55 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

বুধবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে ক্যানুলা দুটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, “করোনার ক্রান্তিকালের শুরুতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সাধারণ মানুষের সেবায় যেভাবে এগিয়ে এসেছে তা অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, “চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল করোনার ক্রান্তিকালে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। স্বউদ্যোগে সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে ডা. বিদ্যুৎ বড়ুয়া জনগণের কল্যাণে অনন্য কাজ করেছেন।”

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, “সাধারণ মানুষের অর্থে গড়ে ওঠা চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের মেডিকেল সরঞ্জামাদি সাধারণ মানুষের সেবায় ব্যবহৃত হলে খুবই ভালো। আগামীতে আরও কিছু মেডিকেল যন্ত্রপাতি প্রদান করা হবে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও কোভিড ফোকাল পারসন ডা আবদুর রব, আইসি ও কনসালট্যান্ট ডা. রাজদীপ বিশ্বাসসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

গত বছর করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে আক্রান্ত ও উপসর্গধারীদের চিকিৎসা সেবা দিতে সাধারণ জনগণের অর্থে প্রতিষ্ঠা করা হয় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।

সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত নাভানা গ্রুপের একটি অবকাঠামোতে ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়। এই হাসপাতালের মূল উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া।

গত বছরের ২১ এপ্রিল থেকে এই হাসপাতালে করোনোভাইরাস আক্রান্ত এবং উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা সেবা শুরু হয়েছিল।

পরে রোগীর সংখ্যা কমতে থাকায় গত বছরের ৩১ অগাস্ট হাসপাতালটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।