২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসককে জরিমানা: সাতকানিয়ার ইউএনওকে বদলি

চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2021, 09:26 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

লকডাউনে রোগী দেখতে যাওয়ার সময় এক চিকিৎসককে জরিমানা করার পর চিকিৎসক সংগঠনের প্রতিবাদের মুখে ঘটনার দু’দিনের মাথায় এই বদলির আদেশ এল।

তবে যদিও স্থানীয় প্রশাসন বলছে, এটা নিয়মিত বদলির অংশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

কোনো অভিযোগের কারণে এই বদলি কি না- জানতে চাইলে তিনি বলেন, “এটা নিয়মিত বদলি। আমাদের সব বদলিই নিয়মিত। কোনো অভিযোগ আমার কাছে কেউ করেনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলির আদেশ এসেছে।”

সাতকানিয়ায় একজন চিকিৎসককে জরিমানা করার দু’দিন পর বদলির কারণ জানতে চাইলে তিনি বলেন, “ওই ঘটনার বিষয়ে আমি অবগত নই।”

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ন ম মিনহাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে রোগী দেখতে নিজের মোটর সাইকেল নিয়ে পৌর সদরে যাচ্ছিলেন ডা. ফরহাদ কবির। এসময় কলেজ রোডের মুখে ইউএনও এবং সঙ্গে থাকা লোকজন তাকে থামায়।

“রোগী দেখতে যাচ্ছিলেন বলার পরও উনাকে জরিমানা করা হয়। চিকিৎসক সঙ্গে না থাকায় ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি, এটা সত্য। কিন্তু মোটরযান আইনে নয় বরং উনাকে এক হাজার টাকা জরিমানা করা হয় দণ্ডবিধির ২৭০ ও ২৭১ ধারায় (সংক্রমণ ছড়াতে পারে এমন কাজ)। বিষয়টি সেদিন রাতেই ওই তরুণ চিকিৎসক আমাকে জানান।”

এরপর স্বাচিপের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে বিষয়টি তিনি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং স্বাচিপের মহাসচিব ডা. এম এ আজিজকে জানিয়েছিলেন বলে দাবি করেন মিনহাজুর রহমান।

তিনি বলেন, “স্বাচিপের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রীর সাথেও যোগাযোগ করা হয়। আজ সাতকানিয়ার ইউএনওকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সেখানে ওএসডি করা হয়েছে বলে শুনেছি।”

তিনি বলেন, “কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন চলাকালে চিকিৎসকদের চলাচল নিশ্চিত করা হবে, এটাই কাম্য। নির্দেশনা থাকার পরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এতে অনেক সময় চিকিৎসকরা হতাশ হয়ে পড়েন।

“তা যেন না হয় সেজন্য প্রশাসন, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, পুলিশ, সংবাদকর্মীসহ বিভিন্ন পেশার লোকজন মিলেমিশে কাজ করতে হবে। এটাই আমাদের চাওয়া।”