২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লকডাউন কেমন’- দেখতে বেরিয়ে আটক ২১

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কঠোর বিধি-নিষেধের লকডাউনের প্রথম দিনে বন্দর নগরীতে দোকান-বিপণি খোলেনি, গণপরিবহনও চলাচল করেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2021, 12:36 AM

Updated : 10 Oct 2022, 06:04 PM

‘লকডাউন কেন হচ্ছে’- তা দেখতে বেরিয়ে ২১ জন ধরা পড়েন ডবলমুরিং থানা এলাকায়। পরে  অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর সড়কগুলোতে রিকশা চলেছে অন্য দিনের মতোই। অল্প সংখ্যায় মোটর সাইকেল চলাচল করতে দেখা গেছে।

নগরীর প্রবেশপথগুলোতে পুলিশের সঙ্গে সেনা সদস্যের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতগুলো বিধি-নিষেধ অমান্য করায় ৩৭টি মামলায় মোট ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে। পাশাপাশি ট্রাফিক পুলিশ ২৪টি যানবাহন আটক করেছে।

আগের রাতে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টির পর বৃহস্পতিবার লকডাউনের প্রথম সকালে বন্দর নগরীতে লোকজনের চলাচল ছিল খুবই কম।

বেলা বাড়ার সাথে বাড়তে থাকে পথচারীর সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে চলে রিকশাও।

Image
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম দিনের কঠোর লকডাউনে বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের ২নং গেইট এলাকায় রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় চালকরা। ছবি: সুমন বাবু

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম দিনের কঠোর লকডাউনে বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের ২নং গেইট এলাকায় রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় চালকরা। ছবি: সুমন বাবু

কাজীর দেউড়ি, মুরাদপুর, আগ্রাবাদসহ কিছু এলাকায় দুয়েকটি দোকান খোলার চেষ্টা করলেও প্রশাসন ও পুলিশের নজরদারি বাড়ায় সেসব বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে যারা বিনা কারণে ঘর থেকে বের হয়েছে তাদের অর্থদণ্ড করা হয়েছে।

“নির্দেশনার বাইরে যেসব দোকান খোলার রেখেছে তাদের অর্থদণ্ড করা হয়েছে ও দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।”

অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতন করা হয়েছে বলেও জানান তিনি।

নগরীর দুই গুরুত্বপূর্ণ প্রবেশ পথ সিটি গেট এলাকা ও কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরাও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিভিন্ন জরুরী প্রয়োজনে নগরীতে আসা মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

Image
মহামারী রুখতে প্রথম দিনের কঠোর লকডাউনেও অনেক কারখানা খোলা থাকলেও গণপরিবহন না থাকায় চট্টগ্রাম সিটি গেইট এলাকায় হেঁটেই বাড়ি ফিরতে হয় কর্মজীবী মানুষদের। ছবি: সুমন বাবু

মহামারী রুখতে প্রথম দিনের কঠোর লকডাউনেও অনেক কারখানা খোলা থাকলেও গণপরিবহন না থাকায় চট্টগ্রাম সিটি গেইট এলাকায় হেঁটেই বাড়ি ফিরতে হয় কর্মজীবী মানুষদের। ছবি: সুমন বাবু

বেলা ১২টার পর থেকে নগরীতে কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। এরমধ্যে কেউ কেউ গাড়ি নিয়ে কাঁচা বাজার করে ফিরছিলেন।

নগরীর আগ্রাবাদে নগর পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় ৫টি গাড়ি ও ২১ ব্যক্তিকে আটক করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, “জরুরি প্রয়োজনে বের হওয়া লোকদের গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করা হয়। পাশাপাশি অকারণে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।

“লকডাউন কেমন চলছে- দেখতে বের হওয়া ২১ জনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।”

একই সময় ৫টি গাড়ি আটক ও ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Image
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম দিনের কঠোর লকডাউনে বৃহস্পতিবার দুপুরের চট্টগ্রাম আখতারুজ্জামান উড়াল সড়কের চিত্র। ছবি: সুমন বাবু

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম দিনের কঠোর লকডাউনে বৃহস্পতিবার দুপুরের চট্টগ্রাম আখতারুজ্জামান উড়াল সড়কের চিত্র। ছবি: সুমন বাবু

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীতে আমাদের ২০টি চেকপোস্ট ছিল। এর বাইরে তথ্যের ভিত্তিতে মোবাইল চেকপোস্ট পরিচালনা করা হয়। সিএনজিঅটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও ব্যাটারিচারিত রিকশা মিলিয়ে ২৪টা যানবাহান আটক করা হয়েছে। এর বাইরে যানবাহনের নানা ত্রুটি বিচ্যুতির কারণে নিয়মিত মামলা করা হয়েছে ৫০টি।”

সন্ধ্যা পর্যন্ত লোক সমাগম থাকলেও রাতে নগরীতে চলাচল কমে যায়। দিনের তুলনায় রিকশার সংখ্যাও ছিল কম।