২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনে জাঁক করে বিয়ে, পুলিশ দেখে বর-কনেসহ চম্পট

দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যেই শ পাঁচেক অতিথি ডেকে কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছিল বিয়ের। কিন্তু পুলিশ আসতেই বৃষ্টি মাথায় পালালেন বর-কনে আর অতিথিরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2021, 11:04 PM

Updated : 10 Oct 2022, 06:04 PM

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার কর্ণফুলী কনভেনশন হলে সোমবার দুপুরে ঘটে এই কাণ্ড।

পরে পাত্রীর বাবা ও কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপককে খুঁজে আনে পুলিশ। তাদের সর্তক করে ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি আনোয়ার হোসেন শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লকডাউনের নিষেধাজ্ঞার মধ্যে কমিউনিটি সেন্টারও বন্ধ থাকার কথা। আর সামাজিক অনুষ্ঠানে এভাবে গণজমায়েতেও নিরুৎসাহিত করা হচ্ছে মহামারীর কারণে।

“কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেই কমিউনিটি সেন্টার ভাড়া করে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। পাঁচশর মত অতিথিও হাজির ছিলেন।”

খবর পেয়ে বেলা ১টার দিকে সেখোনে হাজির হয় পুলিশ। এএসপি শামীমই ছিলেন ওই দলের নেতৃত্বে।

তিনি বলেন, “কমিউনিটি সেন্টারের সামনে আমাদের গাড়ি দাঁড়াতেই হুলস্থূল পড়ে যায়। বর-কনে, তাদের অভিভাবক, এমনকি কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপকও দৌড়ে সরে পড়েন।”

প্লেট, খাবারদাবার, উপহার সব ফেলে দৌড়ে পালাতে শুরু করেন অতিথিরা। বাদ যাননি বর-কনেও। গমগমে বিয়ের আসর মুহূর্তে খাঁ খাঁ।

ঘণ্টা দুয়েক খোঁজাখুঁজির পর কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক জামাল উদ্দিন বাদশা এবং পাত্রীর বাবা মো. জামাল উদ্দিনের হদিস পায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম বলেন, “তারা দুজন এই মর্মে মুচলেকা দেন যে, সরকারি নিষেধাজ্ঞার মধ্যে কখনো আর এমন অনুষ্ঠানের আয়োজন করবেন না।”

অনুষ্ঠান বন্ধ করে দিয়ে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ এবং আয়োজকদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

নিষেধাজ্ঞার মধ্যে বিয়ের আয়োজন করায় এর আগে চট্টগ্রামে কয়েকটি কমিউনিটি সেন্টারকে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।