চট্টগ্রামে দেড়শ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার মেরিনার্স রোড থেকে পিকআপে করে ফেনসিডিল নিয়ে কক্সবাজার যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- আব্দুল কাদের (৪০), মো. নিশান (৩০) ও মো. শিপন (২৬)।
তাদের মধ্যে কাদেরের বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা আছে। বিভিন্ন সময়ে গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়ে পুনরায় এ ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেরিনার্স রোডে শাহ আমানত ব্রিজের দিকে যাওয়া একটি পিকাপকে থামানোর সংকেত দেয়া হয়।
এসময় গাড়িতে থাকা লোকজন পালানোর চেষ্টা করলে পুলিশ তিন জনকে আটক করে আরও দুই জন পালিয়ে যায়।
ওসি নেজাম জানান, পরবর্তীতে গাড়ি তল্লাশি করে পেছনে বস্তার মধ্যে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ফেনসিডিলকুমিল্লা থেকে এনে কক্সবাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।
পুলিশ কর্মকর্তা নেজাম বলেন, “নগরীর মাদক স্পট খ্যাত বরিশাল কলোনির ফারুকের স্পটে ফেনসিডিলের নিয়ন্ত্রণ করত কাদের। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৮টি মামলা হয়েছে এবং জামিনে ছাড়া পেয়ে এসে পুনরায় এ ব্যবসায় জড়িয়ে পড়ে।”
কাদেরের উত্থান নিয়ে ওসি বলেন, “ছোট বেলায় রেল স্টেশনে ঘুমাত কাদের। সেখান থেকে বরিশাল কলোনীর মাদক বিক্রেতা ফারুকের সাথে পরিচয় এবং একপর্যায়ে তার স্পটের দায়িত্ব নেয়।”
কাদের পুলিশকে জানিয়েছেন, ইয়াবার চেয়েও ফেনসিডিলে লাভ বেশি হয় মাদক কারবারিদের।
