২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের শিকার পোশাককর্মী, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে পোশাককর্মীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2021, 12:40 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

শুক্রবার ভোর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় সরকারি কোয়ার্টার এলাকায় ধর্ষণের ঘটনার পর আশপাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাইফুর রহমান সুমন (২৮), মেহেদী হাসান জনি (৩২) ও মো. আলম (২৫)।

তাদের মধ্যে সুমন ও আলম পোশাক কারখানার শ্রমিক ও জনি গাড়িচালক।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই পোশাককর্মী বৃহস্পতিবার রাত নয়টার দিকে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা করতে শেরশাহ সরকারি কোয়ার্টার এলাকায় যান।

“সে সময় সুমন ও জনি ওই যুবককে মারধর করে তরুণীকে পরিত্যক্ত সরকারি কোয়ার্টারের একটি কক্ষে ধর্ষণ করে। এসময় আলম কক্ষের বাইরে পাহারায় ছিল।”

ওই তরুণীর অভিযোগের বরাত দিয়ে ওসি কামরুজ্জামান বলেন, “ধর্ষণের পর আলম তাকে কিছুদূর নিয়ে পরিচিত যুবকের পাশে দাঁড় করিয়ে ছবি তোলে এবং লোকজন ডেকে তারা ‘অসামাজিক কাজ’ করতে এসেছে বলে অপবাদ দিতে থাকে।

“কিছুক্ষণ তাদের আটকে রাখার পর তাদেরকে ছেড়ে দিলে তারা রাত দেড়টার দিকে থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

এঘটনায় ওই তরুণী বায়েজিদ বোস্তামী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।