রাঙ্গুনিয়ায় গুলিতে নিহত ছয় মামলার আসামি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি, যিনি তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে পুলিশের দাবি।
শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম সরফভাটায় নিহত হন মো. মফিজ (৪৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী বলেন, “মফিজের বিরুদ্ধে আধা ডজন মামলা আছে। পাঁচ বছর জেল খেটে বছর দুয়েক আগে জামিনে ছাড়া পেয়েছিলেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বিকালে বাড়ির কাছে বুকে গুলি করে মফিজকে হত্যা করা হয়েছে।
“আমাদের ধারণা তার প্রতিপক্ষ পূর্ব বিরোধের জেরে তাকে খুন করেছে।”
ওসি মাহবুব বলেন, “মফিজের সঙ্গে প্রতিবেশী তোফায়েল ও কামালের বিরোধ ছিল। দুই পক্ষই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাদের বিরুদ্ধেও বেশ কিছু মামলা আছে।
“বছর কয়েক আগে মফিজের বড় ভাই ইদ্রিস এবং তোফায়েল-কামালের ভাই ওসমানও খুন হয়েছিল এ বিরোধে। তাদের বিরুদ্ধেও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ছিল।”
হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি মাহবুব।
