সিসিসির আয়ের উৎস বাড়াতে চান মেয়র রেজাউল
অতীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আয়বর্ধক প্রকল্পগুলোর ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার বিকালে নগরীর বিবিরহাট কাঁচাবাজার, চকবাজার মাছবাজার, লালচান্দঁ রোড, বিআরটিসি এলাকা পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।
মেয়র রেজাউল বলেন, “চট্টগ্রাম নগরীর ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও সুন্দর পরিচ্ছন্ন আবাসযোগ্য নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে হলে বিশাল অর্থ প্রয়োজন। বাস্তব সত্য হচ্ছে সেই সক্ষমতা আমাদের নেই। তারপরও উন্নয়ন থেমে থাকতে পারে না। তাই সরকারের মুখাপেক্ষী না হয়ে আমাদের নিজস্ব আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা আজ সময়ের দাবি।
মেয়র রেজাউল বলেন, “নগরীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং নালা-নর্দমা-খাল দখল করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সিসিসির ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন, বিপ্লব দাশ, এস্টেট অফিসার মো. কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
