২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে খালাত ভাই গ্রেপ্তার

চট্টগ্রামে খালাত ভাইয়ের দ্বারা সাত বছরের এক শিশু ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির খালাত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2021, 11:34 PM

Updated : 02 Aug 2022, 05:13 PM

রোববার নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রূপন দে (২০) পটিয়া উপজেলার কেলিশহর দারোগাহাট গ্রামের সুধীর দে'র ছেলে। নগরীর মাদারবাড়ি এলাকায় একটি খাবার হোটেলে চাকরি করেন তিনি।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রূপন গত শুক্রবার বলুয়ার দিঘী এলাকায় তার খালার বাসায় বেড়াতে যান। বাসায় একা পেয়ে সে তার সাত বছর বয়েসী খালাত বোনকে ধর্ষণ করে।”

সন্ধ্যায় শিশুটির মা বাসায় আসার পর শিশুটির রক্তক্ষরণের বিষয়টি টের পেয়ে জিজ্ঞেস করলে তখন শিশুটি তার মাকে ঘটনা জানায়। 

মেয়েটিকে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মা-বাবা। রাতে শিশুটির বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।

ওসি জানান, মামলার পরপর কোতোয়ালি থানা পুলিশ অভিযান শুরু করে। ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় আত্মগোপন করে ছিলেন রূপন। রাতে তাকে গ্রেপ্তার করা হয়।