২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেটের ভেতরে নিয়ে ইয়াবা পাচার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার

পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে দুই রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2020, 08:12 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

বৃহস্পতিবার নগরীর রেল স্টেশন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনই কক্সবাজারের টেকনাফের মুচনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্টেশন রোডের পুলিশ বক্স সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা প্রথমে রোহিঙ্গা পরিচয়টি গোপন করেছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা রোহিঙ্গা এবং পেটের ভেতরে করে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন।

ওসি বলেন, “দুইজনকে থানায় এনে ইয়াবাগুলো বের করা হয়। ছোট ছোট প্যাকেটের ভেতরে করে ইয়াবাগুলো তারা গিলে পেটের ভেতর নিয়েছিল।”

একজনের পেট থেকে ছোট ছোট ২৫টি এবং আরেকজনের পেট থেকে ২২টি ছোট পলিথিনের প্যাকেট বের করা হয় বলে ওসি জানান, যেগুলোর প্রতিটিতে ৫০টি করে ইয়াবা ছিল।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানান, মাথায় বিজয় দিবসের স্মারক ব্যান্ড বেঁধে দুই রোহিঙ্গা টেকনাফ থেকে চট্টগ্রাম আসে। তাদের নিয়ে যাতে কেউ সন্দেহ না করে, সেজন্য এই বেশ নিয়েছিল তারা।