২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাস্কর্য ইস্যুতে রাস্তায় নামলে ভোটাধিকারের জন্যও পারেন: বিএনপি নেতা শাহাদাত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরকারি কর্মকর্তাদের শামিল হওয়ার প্রসঙ্গ টেনে বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেক্ষেত্রে তারা জনগণের ‘ভোটাধিকার রক্ষার জন্যও’ রাস্তায় নামতে পারেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 09:06 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত বলেন, “স্বাধীনতার পর থেকেই অগণতান্ত্রিক শক্তি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করেছে। বর্তমান ক্ষমতাসীনরা গণতন্ত্রকে রাষ্ট্রসমাজ থেকে উচ্ছেদ করেছে।

“প্রজাতন্ত্রের কর্মচারীরা রাস্তায় মিছিল করছে। তারা যদি ভাস্কর্য ইস্যুতে মিছিল করতে পারে তাহলে মানুষের ভোটাধিকার রক্ষার জন্যও রাস্তায় নামতে পারেন। 

“কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারীরা তা করবেন না। কারণ তারাই তো মানুষের ভোটাধিকার হরণে জড়িত। ভোট ডাকাতির সাথে রাষ্ট্রযন্ত্রের অতি উৎসাহী কিছু অফিসার জড়িয়ে গেছে। এ অতি উৎসাহী অফিসারদের কারণে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আজ হুমকির মুখে।”

শহীদ বুদ্ধিজীবীরা ‘গণতান্ত্রিক বাংলাদেশের’ যে স্বপ্ন দেখেছিলেন তাদের সে স্বপ্ন ‘এখনও বাস্তবায়িত হয়নি’ বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেন, “জেড ফোর্সের অধিনায়ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাত্তরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন বলেই আজকে তাকে নিয়ে আওয়ামী লীগের গাত্রদাহ। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে।

“অথচ বিএনপির শাসনামলে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের নাম বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের নামে নামকরণ করা হয়েছিল। তারা সেই নাম পাল্টে আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর নামে করেছে। বিএনপির শাসনামলে সারা দেশে স্টেডিয়ামগুলো বীর মুক্তিযোদ্ধাদের নামে করেছিলেন। অর্থাৎ বিএনপি মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় আর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করে।”

নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহনওয়াজ, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ।