২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের চাকা থামাতে চায় তারা: মাহতাব

বারবার ব্যর্থ হওয়ার পরও বাঙালির অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 08:16 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

সোমবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মাহতাব বলেন, “যারা অতীতে ক্ষমতায় থেকে দেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চেয়েছিল, আজ তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টার্গেট করে ধর্মের ডামাঢোলে বাংলাদেশের চলমান উন্নয়নের চাকা থামাতে চায়।”

এ জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে চট্টগ্রামের এ প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন, “ষড়যন্ত্র থেমে নাই... একের পর এক ষড়যন্ত্র ব্যর্থ হলেও নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে।”

স্বাধীনতার ৫০ বছরেও ৭১’র শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির।

তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধ চলাকালীন শহীদ বুদ্ধিজীবীদের একটি সরকারি তালিকা চূড়ান্ত করা যায়নি। দুদিন আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ১ হাজার ২২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করলেও তা চূড়ান্ত নয়। কারণ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সকল জনপদে বুদ্ধিজীবীদের টার্গেট করে হানাদার পাকিস্তানী ও তাদের দোষররা বুদ্ধিজীবীদের হত্যা করেছে।”

রাজাকারের তালিকা ন হওয়ায়ও ক্ষোভ জানিয়ে তিনি বলেন, “আমাদের আরো একটি দুর্ভাগ্য যে, আমাদের নিজ নিজ এলাকায় কারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং ৭১এর পরাজিত শক্তির এজেন্ট তাদের নাম জানি না। এদের বিরুদ্ধে যখন জাতীয় ঐক্যের ডাক আসে, তখন আমরা তাদেরকে শনাক্ত করতে পারি না।”

নিজেদের মধ্যে আপসকামিতার মনোভাবের সমালোচনা করে সাবেক মেয়র নাছির বলেন, “আমরা কেউ কেউ কুমতলবে জামাত-শিবিরের চিহ্নিত নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিই এবং তাদেরকে তথাকথিত দেশপ্রেমিকের সার্টিফাইট করি।”

নিজেদের দুর্বলতা চিহ্নিত করে ভবিষ্যতে পাল্টা আঘাতের প্রস্তুতি নেয়ার আহবান জানান আ জ ম নাছির।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী  এম রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী।