২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু শেখ হাসিনার এক সাহসী উদ্যোগ: চট্টগ্রাম আ. লীগ

বিশ্ব ব্যাংক-আইএমএফের ভ্রুকটি উড়িয়ে এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু বাস্তবায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এক সাহসী উদ্যোগ’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 09:05 PM

Updated : 18 Aug 2022, 04:12 PM

বৃহস্পতিবার নগর আওয়ামী লীগের এক বিবৃতিতে প্রমত্তা পদ্মায় সেতুর সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ওই বিবৃতিতে বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবায়ন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির ঠিকানা।

“দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র প্রতিহত করে এই অগ্রযাত্রায় জাতিকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পৌঁছে দেবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের ভ্রুকটি উড়িয়ে দিয়ে নিজস্ব অর্থায়নে এই মেগা প্রকল্প বাস্তবায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাহসী উদ্যোগ।”

বিবৃতিতে বলা হয়, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য রক্তের উত্তরাধিকার হিসেবে প্রধানমন্ত্রী এই চট্টগ্রামসহ সারা বাংলাদেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এতে দারিদ্র্য মুক্তি হবে এবং বাংলাদেশ একদিন উন্নত বিশ্বে পরিণত করবে।

“তৎকালীন বিএনপি-জামাত জোট এবং তাদের আন্তর্জাতিক লবিস্টরা যে ষড়যন্ত্র করেছিল, এমনকি পদ্মা সেতু বাস্তবায়নে অর্থ বিনিয়োগেও বাধা সৃষ্টি করেছিল, তাদের এই পবিত্র মাটিতেই আর কোনোদিন স্থান হবে না।”

বিবৃতিতে বলা হয়, “এই বিজয়ের মাসে শেখ হাসিনার এমন একটি মহতী অর্জন আনন্দের বন্যা এনে দিয়েছে। এই পদ্মা সেতু বাস্তবায়ন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জনগোষ্ঠীর সাথে সমুদ্র বন্দর চট্টগ্রামের উন্নয়ন ও মৈত্রীর সেতুবন্ধন আজ রচিত হল।”

পুরনো খবর:

স্বপ্নের পদ্মা সেতু পূর্ণ অবয়বে