বিচারকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজন রিমান্ডে
পতেঙ্গা সমুদ্র সৈকতে বিচারকের ওপর হামলার ঘটনায় আটক দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, ওই বিচারকের গাড়িচালক রাজু শেখ দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার দুইজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয় বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “গ্রেপ্তার আলী আকবর ও আলী হোসেন জিসানকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
ফাইল ছবি
বুধবার বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতের আউটার রিং রোডে উল্টো পথে মোটর সাইকেল চালাচ্ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি হাজী ইকবালের ছেলে আলী আকবর ও তার বন্ধু আলী হোসেন জিসান।
ওই পথ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিনের গাড়ি চালক তার প্রতিবাদ করেন। তখন দুই যুবক চালককে মারধর করলে বিচারক তার প্রতিবাদ করেন। এসময় বিচারককেও দুই যুবক মারধর করে বলে আভিযোগ। পরে স্থানীয়রা আলী আকবর ও হাসান আলী জিসানকে আটক করে পুলিশে দেয়।
২০১৮ সালের ২৬ মার্চ দুপুরে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের পুর্নমিলনী নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলাকালে খুন হন যুবলীগ কর্মী মহিউদ্দিন।
ওই হত্যা মামলায় হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর আসামি ছিলেন। তখন আলী আকবর ঢাকা থেকে গ্রেপ্তারও হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান।
আরও পড়ুন
