পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম নগরীর আরেফিন নগর এলাকায় পাহাড় কাটায় স্যানমার প্রপার্টিজকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার স্যানমার প্রপার্টিজের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানি শেষে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নুরী এ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষে গত ১৯ অক্টোবর নগরীর আরেফিন নগর এলাকার জালালাবাদ মৌজায় ‘স্যানমার গ্রিনপার্ক’ নামক নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষ তাদের ভবনের দক্ষিণ-পশ্চিম অংশে পাহাড় কাটার প্রমাণ পায়।
এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার হওয়া শুনানি শেষে ‘স্যানমার গ্রিনপার্ক’ প্রকল্পকে এ জরিমানা করা হয়েছে বলে জানান পরিচালক নূরুল্লাহ নুরী।
তিনি বলেন, পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে এ জরিমানা করে তা সাতদিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
