ষড়যন্ত্র থেকে সজাগ থাকতে হবে: মাহতাব
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে যে ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের চট্টগ্রাম নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মাহতাব বলেন, “বঙ্গবন্ধুর জীবদ্দশায় এদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয় এবং তিনি তা টেরও পেয়েছিলেন। যখন তিনি ষড়যন্ত্র নির্মূলে শুদ্ধি অভিযান শুরু করেন তখনই তাকে ষড়যন্ত্রকারীরা সপরিবারে হত্যা করে।
“৭৪ সালে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে একাত্তরের পরাজিত শক্তির ইন্ধনে যে সিন্ডিকেট বঙ্গবন্ধুকে হত্যার পথ প্রশস্ত করেছিল, তারই ধারাবাহিকতায় এখনও সেই অশুভ সিন্ডিকেট কুমতলব হাসিলে দেশকে অস্থিতিশীল করার জন্য নিত্য ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। লক্ষ-লক্ষ টন নিত্য ভোগ্যপণ্য মজুদ আছে, তবুও এগুলোর দাম এত ঊর্ধগতি কেন? এতে বোঝা যাচ্ছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের চলমান অর্থনৈতিক চাকাকে রুদ্ধ করে দিতে একটি অশুভ মহল সরকারকে বেকায়দায় ফেলতে চায়।”
জিয়াউর রহমান, এইচ এম এরশাদ ও খালেদা জিয়া এদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
মাহতাব বলেন, “এখন ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে জাতি মাথা তুলে দাঁড়িয়েছে। এই উন্নত শির আর কখনো অবনত হবে না।”
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুমার সরকার ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শফর আলী ও শেখ মোহাম্মদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মো. হোসেন, হাজী জহুর আহমেদ প্রমুখ।
জেল হত্যা দিবস উপলক্ষে নগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত পৃথক আলোচনা সভায় সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, “১৯৭৫ সালের ৩ নভেম্বর কাল রাত্রিতে চারজন জাতীয় নেতাকে হত্যা করে একাত্তরের পরাজিত শক্তির দোসর ঘাতকরা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। ৭৫ পরবর্তী দীর্ঘ একুশটি বছর সেই অপচেষ্টায় অব্যাহত ছিল।
“কিন্তু ইতিহাসের অনিবার্য পরিণতি অনুযায়ী ঘাতকদের সেই পরিকল্পনা ব্যর্থই শুধু নয়, ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।”
এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন।
নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য রহমতুন্নেছা, হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, রোকসানা আক্তার, আয়েশা আলম, সদস্য আয়েশা ছিদ্দিকা, পারভীন আক্তার, সোনিয়া ইদ্রিস, আয়েশা আক্তার পান্না প্রমুখ।
