কর্ণফুলীকে জাতীয় নদী ঘোষণার দাবি
কর্ণফুলীকে বাংলাদেশের জাতীয় নদী ঘোষণার দাবি উঠেছে চট্টগ্রামে ওয়ার্কার্স পার্টির এক সমাবেশ থেকে।
দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন ও নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত এ সমাবেশে নদী গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরেও বাংলাদেশের কোনো জাতীয় নদী নেই। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। কর্ণফুলী বাংলাদেশের অর্থকরী নদী।
ইদ্রিস আলী বলেন, “এ নদী দেশের অর্থনীতি মেরুদণ্ড ও প্রাণ প্রবাহ। কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই নদীর তলদেশ দিয়ে টানেল তৈরি হচ্ছে। সংযুক্ত পাঁচটি নদীতে কর্ণফুলী নদীর পানি প্রবাহিত হয়। নানাভাবে এই নদী এই ভূখণ্ডের জাতিসত্তার অহঙ্কার বহন করে। কর্ণফুলীকে জাতীয় নদী ঘোষণা সময়ের দাবি।”
সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি আবু হানিফ বলেন, “জাতীয় অর্থনীতির প্রাণশক্তি কর্ণফুলীর প্রাণ আজ দখল আর দূষণে ওষ্ঠাগত। কর্ণফুলীর টানেল হলে ওপারে গড়ে উঠবে আরেকটি নগরী। আন্তর্জাতিক কানেকটিভিটিতে এই টানেল বিশাল ভূমিকা রাখবে।
ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, “কর্ণফুলীকে গতিশীল রাখতে ড্রেজিং এর উদ্যোগ নেওয়া হয়েছে বহু বছর আগে। সেই ড্রেজিং আজও কার্যকরভাবে করা সম্ভব হল না। পলিথিন জমে নদীর গভীরতা কমে গেছে। কর্ণফুলী তৃতীয় সেতু ঘিরে জমছে পলি।
“নদীর দুই তীরে শত শত শিল্প কারখানা। নানাভাবে নদীর পরিসর ছোট হয়ে আসছে। দখল করা নদীর জমি উদ্ধারে উচ্চ আদালত নির্দেশনা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। জাতীয় অর্থনীতিতে গুরুত্ব রাখা একটি নদীকে এভাবে অবহেলা করা যায় না। কর্ণফুলীকে জাতীয় নদী ঘোষণার দাবি জানাই। জাতীয় নদী হলে হয়ত এসব অবহেলার অবসান হবে।”
