২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদনান হত্যার ২ আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যা মামলার দুই আসামিকে ছিনতাই মামলায়  গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 08:22 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

‘কিশোর গ্যাংয়ের’ উৎপাত রুখতে পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাতে তাদের জামালখান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন- আব্দুল্লাহ আল সাইদ (২০) ও এখলাস উদ্দিন আরমান (২০)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার দুজনই স্কুল-কলেজ পড়ুয়া কিশোরদের ‘গ্যাং কালচারের’ নেতৃত্ব দিয়ে থাকেন।

“তারা নিজেরাও কিশোর অবস্থায় হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছিল।

জামিনে ছাড়া পেয়ে তারা একই কাজ করে আসছে এবং নতুন করে ছিনতাই, মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে বলে অভিযোগ আছে।”

পুলিশ কর্মকর্তা রউফ জানান, ‘কিশোর গ্যাংয়ের’ উৎপাত রুখতে নগরজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এলাকাভিত্তিক তালিকা করছে।

“খুলশী থানার একটি ছিনতাই মামলার তদন্তে সদ্য কৈশর পার হওয়া আব্দুল্লাহ আল সাইদ ও এখলাস উদ্দিন আরমানের সম্পৃক্ততা পাওয়া গেছে।”

খুলশী থানার মামলা ছাড়াও আরমানের বিরুদ্ধে চকবাজার থানায় দুটি এবং সাইদের বিরুদ্ধে তিনটি করে মামলা আছে।

চট্টগ্রামের ‘কিশোর গ্যাং’ আলোচনায় আসে ২০১৮ সালের ১৬ জানুয়ারি স্কুলছাত্র আদনান ইসফার হত্যাকাণ্ডের পর। ওই হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলেছিল, কিশোর বয়সের ‘হিরোইজমের’  কারণে খুন হয় আদনান।

এরপর কিশোরদের আশ্রয়দাতা হিসেবে আব্দুর রউফ নামে চকবাজার থানা এলাকার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।  সাইদ ও আরমান দুজনই রউফের অনুসারী বলে এক পুলিশ সদস্য জানান।

এদিকে প্রতি শনিবার বিভিন্ন এলাকায় বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ সদস্যরা এলাকাভিত্তিক ‘কিশোর গ্যাংয়ের’ তালিকা প্রস্তুতির কাজ শুরু করেছে।

পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার চকবাজার থানা পুলিশ অন্তু বড়ুয়া নামে এক জনকে গ্রেপ্তার করেছে। যিনি চকবাজার এলাকায় যুবলীগ নেতা পরিচয়দানকারী নুরুল মোস্তফা টিনুর অনুসারী।

গোয়েন্দা কর্মকর্তা রউফ জানান, বিভিন্ন এলাকায় তালিকা করার সময় পুলিশ দুভাবে ‘কিশোর গ্যাংদের’ ভাগ করছে। একটি ভাগে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের পরিবারের সদস্যদের ডেকে কথা বলা হচ্ছে। আর যাদের নামে মামলা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুরনো খবর:

আদনান খুন কৈশোরের ‘হিরোইজমের’ বিরোধে: পুলিশ