চট্টগ্রামে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ: ৪ মাস পর হোতা গ্রেপ্তার
চট্টগ্রামে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় চার মাস পর মামলার প্রধার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
হান্নানকে (৩২) কর্ণফুলীর কলেজবাজার এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে জানানো হয়, গ্রেপ্তার হান্নান এই ঘটনার প্রধান আসামি। এ ঘটনার সাথে জড়িত চার আসামির সবাইকে র্যাব গ্রেপ্তার করেছে।
গত ৭ জুন পটিয়া উপজেলার কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় এক গৃহবধূকে চার যুবক মিলে ধর্ষণ করে। ১৫ জুন পটিয়া থানায় এনিয়ে মামলা করা হয়।
এজাহারে বলা হয়, ১৯ বছর বয়সী ওই নারী বিয়ের তিন দিন পর তার স্বামীর সঙ্গে পাশের বোয়ালথালী উপজেলায় তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় তার পূর্ব পরিচিতি চার যুবক স্বামীকে আটকে রেখে তাকে দলবেঁধে ধর্ষণ করে।
মামলার পর পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ওই নারী এবং অভিযুক্তরা প্রতিবেশী। বিয়ের আগে থেকে তাকে ওই যুবকরা উত্ত্যক্ত করত বলে জানিয়েছে।
৭ জুন রাতে স্বামীর সাথে শ্বশুড় বাড়ি যাওয়ার পথে অভিযুক্তরা তাদের পথ আটকে স্বামীর কাছ থেকে তাকে অন্য দিকে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।
এই ঘটনায় হান্নান ছাড়া বাকি আসামিরা হলেন- জুয়েল (২৮). মিন্টু (৩৩) ও আবু তাহের মন্টু (৩০)।
তাদের মধ্যে জুয়েল ও মিন্টুকে গত ১৮ জুন, অঅবু তাহের মন্টুকে ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
