২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষক-নির্যাতকের শাস্তি দাবিতে খেলাঘরের মানববন্ধন

দেশব্যাপী ধর্ষক এবং শিশু ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে খেলাঘরের শিশু-কিশোররা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 01:20 AM

Updated : 18 Aug 2022, 03:53 PM

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি এই মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মানববন্ধনে খেলাঘরের পক্ষ থেকে নয়টি দাবি ঘোষণা করা হয়।

দাবিগুলো হল- ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করা, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সংক্ষিপ্ততম সময়ে সাজা নিশ্চিত করা, শিশু-কিশোর ও নারীসহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, বখাটে-মাদকাসক্ত-উচ্ছৃঙ্খল প্রকৃতির ব্যক্তিদের আইনের আওতায় আনা, তথাকথিত কিশোর গ্যাং অপরাধী চক্র ও বিভিন্ন বাহিনীসহ সব অপসংস্কৃতির বাহকদের নিষিদ্ধ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল প্রচারণা বন্ধ করা, অশ্লীল পোস্ট প্রদানকারীদের কঠোর শাস্তি দেওয়া, পর্যাপ্ত খেলার মাঠ ও পার্ক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করা।

সভাপতির বক্তব্য খেলাঘর মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, “চট্টগ্রামসহ সারা দেশে যেভাবে শিশু ও নারী ধর্ষণ, অপহরণ, হত্যা, শিশু ও নারীদের উপর যে বর্বরোচিত নির্যাতন ও সহিংসতা চলছে তাতে আমরা মর্মাহত ও বিক্ষুব্ধ।

“লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এ নৃশংসতা কোনোভাবেই কাম্য নয়। আমারা খেলাঘর এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। অবিলম্বে কঠোর শাস্তির মাধ্যমে এসব ঘৃণ্য হায়েনাদের নির্মূল করে শিশুদের জন্য একটি ‘আনন্দময় নিরাপদ শৈশব’ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”

সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, খেলাঘর সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, কবি আশীষ সেন, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, তপন মজুমদার, এসকেন্দার আলী, মিজানুর রহমান ইউনুছ, অধ্যাপক ইন্দিরা চৌধুরী, মনোয়ার জাহান মনি, নাছির উদ্দিন, সাবেকুন নাহার ঝর্ণা, পরেশ দাশগুপ্ত, রুবেল দাশ প্রিন্স, বনবিহারী চক্রবর্ত্তী, রুমা বিশ্বাস প্রমুখ।

সমাবেশে খেলাঘর চট্টগ্রাম মহানগরীর আওতাধীন শাখা ও আসরগুলোর শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।