কোভিড-১৯: চট্টগ্রামে সংক্রমণ ফের বাড়ছে
চট্টগ্রাম জেলায় তিন মাস ধরে নতুন করোনাভাইরাস শনাক্তের হার ধারাবাহিকভাবে কমার পর চলতি মাসে তা আবার ধীরে ধীরে বাড়ছে।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতার কারণে এবং শীত মৌসুম আসন্ন হওয়ায় এই হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মাসে শনাক্ত রোগীর সংখ্যা গড়ে সাড়ে আট থেকে সাড়ে নয় শতাংশের মধ্যে। গত মাসের তুলনায় তা বেশি। নমুনার সংখ্যাও কিছুটা বেড়েছে।
“আমাদের হিসেবে সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। শীত আসছে তাই আরও বাড়তে পারে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের আগেই সতর্ক করা হয়েছে। আমরা প্রস্তুত আছি।”
চলতি মাসে চট্টগ্রাম জেলায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে হয়েছে সাড়ে আট থেকে সাড়ে নয় শতাংশের মধ্যে, যা সেপ্টেম্বর মাসে গড়ে সাড়ে পাঁচ থেকে সাত শতাংশের মধ্যে ছিল।
মে-জুন মাসে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস শনাক্তের হার ছিল নমুনা পরীক্ষার প্রায় ২৮-৩০ শতাংশ। জুলাই মাসের শুরুতে তা কমে ১৯-২২ শতাংশে দাঁড়ায়।
জুলাইয়ের শেষ দিকে এই হার ছিল ১১-১২ শতাংশ। অগাস্ট মাসের শুরুতে শনাক্তের হার কিছুটা বেশি থাকলেও অগাস্ট মাসের শেষ দিকে তা ছিল ১০ শতাংশের মত।
সবশেষ শনিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় ৮৪৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ৮৭টি। শতকরা হিসেবে এই হার ১০ দশমিক ২৫ শতাংশ।
এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৫১৪ জন কোভি-১৯ রোগী জেলায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৪ হাজার ৮৬ জন নগরীর এবং পাঁচ হাজার ৪২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সব মিলিয়ে শুরু থেকে মোট এক লাখ ১৩ হাজার সাতজনের নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রাম জেলায়।
শুক্রবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্তের হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।
এর আগে মাসের প্রথমদিন ১ অক্টোবর শনাক্তের হার ছিল ৮ দশমিক ৮২ শতাংশ। ৩ অক্টোবর তা বেড়ে হয় ৯ দশমিক ৭৬ শতাংশ। ৬ অক্টোবর ৮ দশমিক ৩১ শতাংশ নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়।
জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানুষের চলাচল ও মেলামেশা বেড়েছে। একারণে ভাইরাস নতুন টার্গেট বেশি পাচ্ছে, তাই সংক্রমণও বাড়ছে।
“যেহেতু টেস্ট করানোর প্রবণতা আগের তুলনায় কম তাই সঠিক চিত্র বিষয়ে নিশ্চিত করে বলা মুশকিল।”
গণপরিবহনসহ সব কিছু স্বাভাবিক হতেই অটোরিকশায় আগের মতোই গাদাগাদি করে চলতে দেখা যায় চট্টগ্রাম কর্ণফুলী নতুন ব্রিজ (শাহ আমানত) এলাকায়। ছবি: সুমন বাবু
চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে এবং উপসর্গ দেখা দিলে পরীক্ষা করানোর পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
তবে নগরীর জনসমাগমের স্থানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতাই লক্ষ্য করা যাচ্ছে বেশি। কাঁচা বাজার, বিপণি কেন্দ্র, সড়ক, গণপরিবহন, বিনোদনের স্থান এমনকি রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিও পালিত হচ্ছে ভিড় করে।
শুক্রবার বিকেলে সাপ্তাহিক ছুটির দিনে উন্মুক্ত প্রাঙ্গন সিআরবি এলাকায় হাজার মানুষের সমাগম হয়। সেখানে অধিকাংশের মুখেই কোনো মাস্ক ছিল না। এমনকি কয়েকজন অভিভাবক শিশুদেরও সঙ্গে নিয়ে আসেন এমন ভিড়ে।
কোভিড-১৯ বিষয়ক স্বাচিপ গঠিত কমিটির বিভাগীয় সমন্বয়ক ডা. আ ন ম মিনহাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই কম। নগরীতেও স্বাস্থ্যবিধি মানার হার ৫০ শতাংশের নিচে। মাঝখানে আক্রান্ত যতটা কম ছিল এখন আবার তা থেকে কিছুটা বেড়েছে।
“সরকারি হাসপাতালগুলোতে সব প্রস্তুতি আছে। সংক্রমণের শুরুতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে যে অনীহা ছিল সেটা এখন নেই। সেগুলোও এখন প্রস্তুত আছে। সবার উচিত স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন থাকা। প্রশাসনের উচিত স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে ব্যবস্থা নেয়া। তা না হলে সংক্রমণ আরো বাড়তে পারে।”
চট্টগ্রামে মোটরসাইকেলে যাতায়াতকারী কারও মুখে মাস্ক আছে তো কারও মুখে নেই। ছবি: সুমন বাবু
বিভিন্ন সরকারি হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে শুক্রবার রোগী ভর্তি আছে মোট ১১০ জন।
এরমধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩৬ জন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৬৩ জন, হলিক্রিসেন্ট হাসপাতালে তিনজন এবং রেলওয়ে হাসপাতালে একজন করোনাভাইরাস রোগী ভর্তি আছেন।
এছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে ৭৯ জন কোভিড রোগী, সাসপেক্টেড ১৩০ জন এবং আইসোলেশ শয্যায় আছেন ৩৭ জন।
পাশাপাশি জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৫৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫১৩ জন। সুস্থতার হার ৭৯ দশমিক ৮৫ শতাংশ।
রোগী স্বল্পতা এবং অর্থাভাবে নগরী ও সীতাকুণ্ডে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা তিনটি আইসোলেশ সেন্টার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
এরমধ্যে ৩ অক্টোবর বাকলিয়ায় মুক্তি আইসোলেশন সেন্টার, ৩১ অগাস্ট চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এবং ১৫ সেপ্টেম্বর বন্ধ করা হয় হালিশহরের করোনাভাইরাস আইসোলেশন সেন্টার চট্টগ্রাম।
সরকারি ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) এ কোভিড-১৯ রোগীদের সেবা দেওয়া হচ্ছে।
পাশাপাশি বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতাল এবং রেলওয়ে হাসপাতালেও সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার ব্যবস্থা আছে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোনো কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়নি। তবে বুধবার দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ২৯৭জন করোনাভাইরাসয় মারা গেলেন। এরমধ্যে নগরীতে ২০৪ জন এবং উপজেলায় ৯৩ জন। শতকরা হিসেবে মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।
