ধর্ষণ-নিপীড়ন বন্ধে পটিয়ায় কর্মসূচিতে শিক্ষার্থীরা
ধর্ষণ ও নারীর প্রতি সহিংতায় জড়িতদের শাস্তিদের দাবিতে চট্টগ্রামের পটিয়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের সহযোগিতায় এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংগঠিত যুব সদস্যদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
পটিয়া উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে টিআইবি পটিয়া শাখার সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র বলেন, সম্প্রতি খাগড়াছড়ি, সিলেট, সাভার এবং নোয়াখালীসহ দেশব্যাপী বেশকিছু ধর্ষণের ঘটনা ঘটছে। শুধু নারী নয়, শিশু ধর্ষণের ঘটনাও বেড়েছে। এটি সামাজিক অবক্ষয়ের পরিচয় দেয়। এখনই এই অবক্ষয়ের ইতি টানতে হবে।
গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, এই পরিস্থিতির অবসান না হলে ভবিষ্যৎ প্রজন্ম বিশেষত মেয়েদের বিকাশ বিপন্ন হবে।
বিএনপিএস এর লিয়াজোঁ কর্মকর্তা শরীফ চৌহান বলেন, “ধর্ষণের ঘটনায় প্রায় সব কিছু ছাপিয়ে ঘটা করে ভিকটিম নারী বা মেয়েটি কী ধরণের পোশাক পরেছিল, কিভাবে চলা-ফেরা করত, কোথায় কোথায় যেত ইত্যাদি আলোচনা প্রাধ্যান্য পায়।
“এর প্রধান উদ্দেশ্য হল ধর্ষণ ঘটনার যৌক্তিকতা প্রমাণ করা। যেন কেউ স্বাধীনভাবে চলাফেরা করলে বা রাতে বাহিরে বের হলে ধর্ষণ জায়েজ হয়ে যায়। এর ফলে ধর্ষণ ও সহিংসতার সাথে জড়িদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় না।”
বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন তাড়না ট্রাস্ট এর নির্বাহী পরিচালক মো. সোলয়মান, কর্মসূচী সংগঠক বিপ্লব দাশ, আবদুল করিম, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিএনপিএস কর্তৃক সংগঠিত যুব সদস্য সায়মা সুলতানা ইমা, ইরফাত জাহান পিউ, আরিফা আকতার, মো. মোরশেদ ও হাসান মুরাদ প্রমুখ।
