২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুবে আলম স্মরণে চট্টগ্রামে সভা

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্মরণে চট্টগ্রাম আদালত ভবনে সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 09:34 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই শোক সভার আয়োজন করেন সরকারি আইন কর্মকর্তারা।

সভায় সভাপতির বক্তব্যে মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, “অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে আমরা আইনজীবী সমাজ একজন প্রজ্ঞাবান, আদর্শিক আইনজ্ঞকে হারিয়েছি। উনার শূন্যতা আইন অঙ্গনে পূরণ হওয়ার নয়।”

সভার প্রধান অতিথি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোক্তার আহম্মদ বলেন, “অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনে ছিলেন অবিচল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলা পরিচালনাসহ সাংবিধানিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উনার অবদান অনস্বীকার্য।”

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, “উনার দক্ষতা ও বিচক্ষণতার গুণে চাঞ্চল্যকর ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলায় ঐতিহাসিক সব রায় এসেছে। বঙ্গবন্ধু হত্যা মামলা, বিডিআর হত্যা মামলা, মানবতার বিরুদ্ধে অপরাধ এর মামলা এবং ২১ অগাস্ট গ্রেনেড মামলাসহ অসংখ্য মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রের স্বার্থে তিনি অটল ছিলেন।”

সহকারী পাবলিক প্রসিকিউটর এস এম ফারুকের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি মিজবাহ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু নোমান চৌধুরী, সহকারী পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে মাহবুব আলম স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় চট্টগ্রাম মহানগর আদালত সমূহের দায়িত্বপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

সু্প্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর মারা যান। তিনি ২০০৯ সাল থেকে আমৃত্যু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে ছিলেন।