২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষক-নির্যাতকদের শাস্তি দাবিতে ছাত্র-যুব ইউনিয়নের মশাল মিছিল

নোয়াখালীসহ সারাদেশে সংঘটিত নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 11:09 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই মশাল মিছিল বের করা হয়।

সমাবেশে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার বলেন, “দেশের প্রতিটি প্রান্তে ধর্ষণ ও নারী নির্যাতনের যে ঘটনা ঘটেই চলেছে তা একদিনে হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে একের পর এক বর্বরোচিত ঘটনা ঘটে চলেছে।

“ধর্ষন-নির্যাতনের একটি বড় ঘটনায় দেশের সচেতন মহল প্রতিবাদী হলে প্রশাসন জড়িতদের লোকদেখানো গ্রেপ্তার করে। এসব ঘটনায় হওয়া মামলার দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুত বিচার ও রায় কার্যকর নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষক ও নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে এই অপরাধ প্রবণতা থামবে না। দেশের নারী সমাজকে সুরক্ষিত করতে হলে অবিলম্বে বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে।”

ছাত্র ইউনিয়ন জেলার সভাপতি এ্যানি সেন বলেন, “রাজনৈতিক অপশক্তির পৃষ্ঠপোষকতা ধর্ষকদের বেপরোয়া করে তুলেছে। এই ধর্ষক-নির্যাতনকারীদের আশ্রয়দাতা কথিত ‘বড় ভাই’দের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।

“রাজনৈতিক প্রশ্রয় না পেলে এমন সীমাহীন অপরাধ প্রবণতার সৃষ্টি হতো না।”

সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা শ্যামল লোধ, জাবেদ চৌধুরী, রাশিদুল সামির, ইমরান চৌধুরী, গৌরচাঁদ ঠাকুর অপু, মাহবুবা জাহান রুমি, আশরাফি নিতু, টিকলু কুমার।