সৌন্দর্য বর্ধনের আড়ালে সৌন্দর্যের অলংকার চুরি নয়: সুজন
সৌন্দর্য বর্ধন প্রকল্পের আড়ালে চুক্তি বহির্ভূত ও প্রকৃতি বিনষ্টকারী কিছু হলে সেসব চুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সৌন্দর্য বর্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন।
সুজন বলেন, “চট্টগ্রাম এক প্রাকৃতিক নগরী। পাহাড়-নদী-সাগর এই নগরীর সৌন্দর্যের অলংকার। আমি নগরীর সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন করতে চাই। কিন্তু এরই আড়ালের নগরীর সৌন্দর্যের অলঙ্কার লুটপাট হতে দিতে পারি না।”
তিনি বলেন, সৌন্দর্য বর্ধন কার্যক্রমের মধ্যে রয়েছে পাবলিক টয়লেট নির্মাণ, বসার স্থানসহ যাত্রী ছাউনি স্থাপন, ফুটপাতে টাইলসসহ বাগান করা, রাস্তার মিড আইলেন্ড সৌন্দর্য বর্ধন করা এবং বিভিন্ন স্থানে নানান প্রজাতির ফুলের গাছসহ অন্যান্য গাছ লাগানো।
“কিন্ত দুঃখের বিষয় হল, চুক্তি বহির্ভূত দোকান ও বিলবোর্ড স্থাপন করতে দেখা যাচ্ছে, যা কারও কাম্য হতে পারে না। অর্থাৎ সৌন্দর্য বর্ধনের আড়ালে সৌন্দর্যের অলংকার চুরি হলে চুক্তি বাতিল হবে।”
সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সৌন্দর্য বর্ধন প্রকল্পের চুক্তি করে সিটি করপোরেশন। প্রশাসকের দায়িত্ব নিয়ে সুজনের করা তদন্ত কমিটি এসব প্রকল্পে ‘অনিয়ম’ এর সন্ধান পায়।
ইতোমধ্যে চুক্তি ভেঙে দ্বিতল ভবন করায় বিপ্লব উদ্যানে দুই তলার ১৫টি দোকান এবং এক সারি বসার স্থায়ী আসন ভেঙে দিয়েছে সিসিসি। বিপরীতে উদ্যানটির সৌন্দর্য বর্ধনের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান সালিশী মামলাও করেছে।
এদিকে সোমবার নগরীর রাইফেল ক্লাব, নিউ মার্কেট, ফলমন্ডি থেকে কদমতলী পর্যন্ত এলাকায় হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিসিসির পরিচ্ছন্ন বিভাগ।
অভিযানে ফুটপাতের উপর রাখা বেশকিছু চৌকি জব্দ করা হয়।
এ প্রসঙ্গে প্রশাসক সুজনকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা কখনই হকার উচ্ছেদের পক্ষে নই। কর্মসংস্থানের লক্ষ্যে হকারদের একটি বিশাল অংশ এই ব্যবসার সাথে জড়িত।
“কিন্তু নগরবাসীর পথ অবরুদ্ধ করে, ফুটপাত-রাস্তা দখল করে বিশৃংখলা সৃষ্টি করে ব্যবসা করা যাবে না। নিয়ম-নীতি ও শৃংখলার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে।”
প্রশাসক হকারদের সিসিসি প্রদত্ত নিয়ম-নীতি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, “নির্দ্দিষ্ট সময়ে ও নির্দ্দিষ্ট স্থানে বসে আপনারা ব্যবসা করুন। আপাদের যাবতীয় সহযোগিতা আমরা করে যাব। ফুটপাত অবমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে।”
