ধর্ষক, নিপীড়কদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ও শাস্তি কার্যকরের দাবি উঠেছে চট্টগ্রামে।
সোমবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে ‘সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ’ ও প্রগতিশীল ছাত্র জোট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি ওঠে।
কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, দেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে তাতে কেবল একজন মা-বোন বা একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন তা কিন্তু নয়। ধর্ষিত হচ্ছে একজন মানুষ, ধর্ষিত হচ্ছে এই সমাজ এবং ধর্ষিত হচ্ছে আমাদের প্রিয় স্বদেশ।
“রাজনীতির নামে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা, নারী বিরোধী প্রচার-প্রচারণা এবং সংস্কৃতি চর্চার অনুপস্থিতি এসব কারণে নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই বিচার যে হয় সে সত্য প্রতিষ্ঠিত করতে হবে। বিচার হয় না না বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
গণজাগরণ মঞ্চের চট্টগ্রামে সমন্বয়ক শরীফ চৌহান বলেন, “ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে হলে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। শুধু সামাজিক ও নৈতিক অবক্ষয় বলে ছেড়ে দিলে হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তার অবসান ঘটাতে হবে।
“যে ঘটনা নিয়ে আলোচনা হবে সেটার ক্ষেত্রেই কেবল সরকার সক্রিয়তা দেখালে হবে না। দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত বিচার ও রায় কার্যকর করতে হবে। আর সমাজের সব শ্রেণিপেশার মানুষকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়মিতভাবে করতে হবে। শুধু একদিন প্রতিবাদ করলে হবে না। প্রতিবাদ জারি থাকলেই কেবল এসব ঘটনায় দ্রুততম সময়ে বিচার করতে সরকারকে বাধ্য করা সম্ভব হবে।”
বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নারী নেত্রী সিতারা শামীম বলেন, “স্বাধীন বাংলাদেশে কেন ধর্ষণের বিচার আমাদের চাইতে হবে? এরকম পরিস্থিতির জন্য তো মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেননি। প্রতিদিন কোথাও না কোথাও এসব ঘটনা ঘটছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে।”
আবৃত্তি শিল্পী রাশেদ হাসান বলেন, “বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে না পারলে এই ঘৃণ্য প্রবণতা রুখে দেয়া যাবে না। সাংস্কৃতিক চর্চার অনুপস্থিতি, নানা রকম রাজনৈতিক অপশক্তির পৃষ্ঠপোষকতা ধর্ষকদের বেপরোয়া করে তুলেছে।
সাংস্কৃতিক সংগঠক সুনীল ধর বলেন, “দেশের প্রতিটি প্রান্তে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এটা একদিনে হয়নি। এখন আর নিরব থাকার সময় নেই।
“কারা এই ধর্ষকদের আশ্রয়দাতা ‘বড় ভাই’ তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। প্রশ্রয় না পেলে এমন সীমাহীন অপরাধ প্রবণতার সৃষ্টি হতো না।”
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার দাবি করা হয় সমাবেশ থেকে।
সাংবাদিক প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আহমেদ মুনীর ও সৌমেন ধর, চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী, নারী শ্রমিক নেত্রী বাপ্পী দেব বর্মণ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন, সাংবাদিক মহররম হোসাইন, হিউম্যানিটি ফার্স্ট মুভমেন্টের মিলন দত্ত, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী।
পর সেখানে পাহাড়ে ও সমতলে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট ‘সংহতি সমাবেশ’ করে।
সমাবেশ থেকে ধর্ষক ও নিপীড়কদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দান এবং বিচারহীণতার সংস্কৃতি গড়ে তোলায় শাসকগোষ্ঠীর সমালোচনা করা হয়।
ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি রায়হান উদ্দিন, প্রীতিলতা ব্রিগেডের সদস্য নাদিয়া নূর, ছাত্র ফ্রন্ট নেত্রী দীপা মজুমদার প্রমুখ।
এদিকে সারা দেশে ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ, পাহাড়ি ছাত্র পরিষদ (জেএসএস)।
সমাবেশে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বীর বাহাদুর বলেন, দেশ ধর্ষণের মহামারীতে আক্রান্ত। যারা ধর্ষক তারা জঘন্য, কিন্তু যারা ধর্ষণের প্রতিবাদ করে না তারা আরও বেশি জঘন্য। ধর্ষণের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে।
সমাবেশে সংহতি জানিয়ে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম বলেন, “দেশে প্রতিদিন দুই-তিনটা ধর্ষণের ঘটনা ঘটছে। সবগুলো ধর্ষণই একসূত্রে গাঁথা। আমাদের মুক্তিযোদ্ধা বাবা-মা দেশটাকে ধর্ষকদের রাষ্ট্র বানানোর জন্য স্বাধীন করেনি।
“আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের ল এন্ড অর্ডারগুলো ঠিক করার দাবি জানাচ্ছি। না হয় কোনোক্রমেই এগুলো কমানো সম্ভব না বরং এগুলো বাড়বে।”
রফিকউজ্জামান ধ্রুবর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাট্যকলা বিভাগের শিঞ্জিনি স্নিগ্ধা, ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতু।
