২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির কটেজগুলোতে ভাড়া ৪০% মওকুফ

করোনাভাইরাস মহামারীর ফলে শিক্ষার্থীদের সঙ্কট বিবেচনায় নিয়ে ভাড়া ৪০ শতাংশ মওকুফ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কটেজ মালিক সমিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 06:52 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে কটেজ মালিক সমিতি এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।

কটেজ মালিক সমিতি শিক্ষার্থীদের ৪০ শতাংশ ভাড়া মওকুফ করায় তাদের ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় হল কম হওয়ায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের আশপাশের ব্যক্তি মালিকানার ছাত্রাবাসগুলোতে থাকে, যেগুলো কটেজ নামে পরিচিত।

প্রক্টর ড. রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোভিড-১৯ সঙ্কটের প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় প্রসাশন শিক্ষার্থীদের কটেজ ভাড়া সমস্যার সমাধান করার চেষ্টা করছে। কিন্তু প্রথমদিকে কটেজ মালিক সমিতি শিক্ষার্থীদের ভাড়া কমাতে নারাজ ছিল।

“বিষয়টি সমাধান করার জন্য রোববার কটেজ মালিক সমিতির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাটহাজারী উপজেলা প্রশাসন এক বৈঠক করে। এতে কটেজ মালিক সমিতি শিক্ষার্থীদের নিকট থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ৪০ শতাংশ ভাড়া কম নেওয়ার সিদ্ধান্ত নেয়।”

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কটেজ মালিক সমিতি আমাদের অনুরোধে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ ৪০ শতাংশ ভাড়া কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

“মালিক সমিতি আমাদের কথা রাখায় হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কটেজ মালিক সমিতির সভাপতি শাহ আলম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ কোভিড-১৯ সংকটকালীন সময়ে সমিতির সকল কটেজের ছাত্রদের কাছ থেকে ৬০ শতাংশ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত এপ্রিল মাস থেকে কার্যকর ধরা হবে।

পুরনো খবর:

মেস ভাড়া সঙ্কট নিরসনের দাবিতে চবিতে মানববন্ধন