পটিয়ায় গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী দুজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে প্রাইভেটকারের ধাক্কায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল পৌনে ৪টার দিকে বাইপাসের সেয়ানপাড়া এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটিয়া হাইওয়ের ওসি বিমল ভৌমিক।
নিহত দুজন হলেন- আরমান (১৭) ও সিফাত (১৬)। দুইজনই পটিয়া পৌরসভা এলাকার সেয়ানপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সম্পর্কে দুইজন মামাতো-ফুফাতো ভাই বলে পুলিশ জানিয়েছে।
হাইওয়ে পুলিশ কর্মকর্তা বিমল ভৌমিক জানান, তারা বাসা থেকে বের হয়ে একই সাইকেলে করে দুইজনে পটিয়া বাইপাস এলাকায় বেড়াচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
স্থানীয়রা বলেছেন, একটি দ্রুতগতির প্রাইভেটকার সাইকলটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
