চট্টগ্রামে সিআর দত্তকে স্মরণ
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইয়ে সি আর দত্ত চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীরউত্তমের মৃত্যুতে শোক জানিয়ে এই মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এক শোক বার্তায় বলেন, “তিনি আজীবন মাতৃমুক্তিপণে অন্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছিলেন। ৭১’র মহান মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যে সাহসী নেতৃত্ব দিয়েছেন, তা প্রতিটি বাঙালির হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবে।”
প্রয়াত সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নগর আওয়ামী লীগ।
পৃথক শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মুক্তিযুদ্ধে সি আর দত্তের বীরত্বপূর্ণ অবদান বাঙালি জাতি আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
“যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি সবসময় সোচ্চার ছিলেন। মেজর জেনারেল (অব.) সি আর দত্তের দীর্ঘ কর্মময় জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক উজ্জ্বল প্রেরণা। উনার মত একজন বীরের মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।”
পৃথক শোক বার্তায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, “মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। উনার মৃত্যুতে আমরা একজন বীর সেনাপতিকে হারালাম।”
