২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়সারা বৃক্ষরোপণ চলবে না: মাহতাব

মুজিববর্ষে শুধু দায়সারা ভাবে বৃক্ষরোপণ না করে রোপিত গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ শতভাগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 09:09 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

নগর আওয়ামী লীগের বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার ঠাণ্ডাছড়ি, কূলগাঁও স্কুল ও কলেজ এবং অনন্যা কমিউনিটি সেন্টারে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হয়।

মাহতাব বলেন, “মুজিববর্ষে সারাদেশে দুই কোটিরও বেশি বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রেখেছে।

“কিন্তু দায়সারা ভাবে বৃক্ষরোপণ করলে চলবে না, রোপিত বৃক্ষের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ শতভাগ নিশ্চিত করার মানসিকতা অর্জন করতে হবে।”

এসময় নগর কমিটির সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, “আমি গ্রিন সিটি বির্নিমাণের স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে মেয়র হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। এই সময়কালে চট্টগ্রাম নগরী বৃক্ষ শোভিত হয়েছে।

“নগরীর আইল্যান্ড ও চত্বরগুলোতে বৃক্ষচারাগুলো আজ অনেক পরিণত হয়ে উঠেছে। আমরা ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছি। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর বেশি বেশি করে বৃক্ষরোপণের আহ্বানে সাথে সজ্ঞতি রেখে এই চট্টগ্রাম নগরীকে একটি শ্যামল ভূ-স্বর্গ হিসেবে রচনা করতে চাই।”

নিজ মেয়াদে বৃক্ষরোপণের সফলতা দাবি করলেও সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্পের নামে করা ৪২টি চুক্তিতে প্রচলিত নিয়ম অনুসরণ করা হয়নি বলে সম্প্রতি সিটি করপোরেশনের আইন শাখায় পর্যালোচনায় উঠে এসেছে।

এসব চুক্তির শর্ত ভঙ্গ করে নির্মিত স্থাপনা অপসারণ ও নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ না হলে তা বাতিলের ক্ষমতা দিয়ে তিন সদস্যের কমিটি করেছেন সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন।

সোমবারের অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী, দলের নেতা শফিউল আজিম, ফরিদ আহমদ চৌধুরী, জামাল উদ্দিন প্রমুখ।