চট্টগ্রামের ৩৮ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ছাড়পত্র বাতিল
চট্টগ্রামের ৩৮টি ডায়গনস্টিক সেন্টারের ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় তাদের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয় বলে রোববার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী জানিয়েছেন।
ছাড়পত্র বাতিল হওয়া ৩৮ ডায়াগনস্টিক সেন্টারের সবগুলোই চট্টগ্রাম মহানগরী এলাকার।
৩৮ প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিলের তালিকা গত ১৯ অগাস্ট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে বলেও জানান নুরুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরিবেশগত ছাড়পত্র বাতিল করা ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি ক্লিনিকের কার্যক্রমও পরিচালনা করে।
“পরিবেশ আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরমাণু শক্তি কমিশনসহ বিভিন্ন সংস্থার লাইসেন্স পরিবেশ অধিদপ্তরে জমা দিতে হয়। এরপর পরিবেশগত ছাড়পত্র দেয়া হয়।
“সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নথি যাচাইয়ের উদ্যোগ নেয়া হয়। এদের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ নেই, অনেকদিন ধরে নবায়নও করা হয়নি। এজন্য তাদের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হল।”
যেসব প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল করা হয়েছে সেগুলো হল- মনসুরাবাদ, জামালখান এবং দেওয়ানহাটের সূর্যের হাসি নেটওয়ার্কের তিনটি শাখা, উত্তর আগ্রাবাদের নিষ্কৃতি ক্লিনিক, বাকলিয়া ও কুলগাঁও অক্সিজেন মোড়ের ব্র্যাক যক্ষ্মা নির্ণয় কেন্দ্র, আকবরশাহ ও চাঁন্দগাওয়ের ইমেজ সূর্যের হাসি ক্লিনিকের দুটি শাখা, প্রবর্তক মোড়ের বাংলাদেশ আই হসপিটাল, খুলশীর সিইআইটিসি লেন্স প্রসেসিং ইউনিট, মেহেদীবাগের হরমোন ও ডিএনএ সেন্টার এবং কে বি ফজলুল কাদের চৌধুরী রোড়ের কর্ণফুলী ব্লাড অ্যান্ড থ্যালাসেমিয়া সেন্টার, চকবাজারের উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জামালখানের ল্যাব ওয়ান হেলথ সার্ভিসেস, খুলশীর চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন।
এছাড়া নগরীর আগ্রাবাদ ও বন্দর এলাকার সানওয়ে মেডিক্যাল সেন্টারের দুটি শাখা, পাঁচলাইশ এলাকার দি হেলথ হোম প্রাইভেট লিমিটেড ও চিটাগং কেমোথেরাপি সেল সেন্টার, আন্দরকিল্লা এলাকার মুন ডায়াগনস্টিক সেন্টার, হালিশহরের অর্গান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁন্দগাওয়ের রয়েল প্যাথলজি সেন্টার, মেডিকেল স্কয়ার, হামজারবাগের সিটি লাইফ ডায়াগনস্টিক কমপ্লেক্স, নতুন বাজার এলাকার কিউম্যাক্স হেলথ কেয়ার, হালিশহরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, ফ্রি-পোর্ট এলাকার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, পতেঙ্গার কাটগড় ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টারও রয়েছে।
তালিকায় আরও আছে- নগরীর হালিশহরের এম এন ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, ঈদগাঁ এলাকার মেডিসেভ প্যাথলজি ল্যাব, সদরঘাটের পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনসিস, কোতোয়ালী থানা এলাকার দি মেডিক্যাল ল্যাবরেটরি, আগ্রাবাদের মেডিসিন মেডিক্যাল সার্ভিসেস এবং প্যানাসিয়া ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রপার্টিজ লিমিটেড, নাসিরাবাদের বায়েজিদ ডায়াগনস্টিক সেন্টার, কালুরঘাটের হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার ও কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেডি ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার।
