চট্টগ্রাম বন্দরে জাহাজ কাত
চট্টগ্রাম বন্দরের জেটিতে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বোঝাইয়ের পর ভারসাম্য রাখতে না পেরে একদিকে কাত হয়ে গেছে একটি জাহাজ।
রোববার সকালে ‘ওইএল হিন্দ’ নামে পানামার পতাকাবাহী জাহাজটি ১১ নম্বর জেটিতে কাত হয়ে পড়ে বলে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।
তারা বলেছেন, এখন জাহাজটি থেকে কন্টেইনার নামিয়ে ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে।
জাহাজটিতে ১২৬০টি কন্টেইনার রয়েছে, এর মধ্যে ১০৫টি খালি।
বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজটি আজ দুপুরে জোয়ারের সময় বন্দরের জেটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কন্টেইনার বোঝাইয়ের পর ভারসাম্য রাখতে না পেরে কাত হয়ে যায়।”
আটটি কন্টেইনার নামিয়ে আনার পরও এটি সোজা হয়নি। রাত ১০টা পর্যন্ত জাহাজটি জেটিতে কাত অবস্থায়ই ছিল।
“রাতে ভাটার সময় এটির ভারসাম্য আনার জন্য চেষ্টা করা হবে,” বলেন বন্দর সচিব।
বন্দরের কর্মকর্তা, জাহাজটির স্থানীয় প্রতিনিধিসহ সবপক্ষ মিলিয়ে জাহাজটিকে সোজা করার ব্যাপারে কাজ চলছে।
রাতে কিছু না হলে সোমবার সকালে জাহাজ থেকে পুনরায় কন্টেইনার নামিয়ে ভারসাম্য আনার চেষ্টা করা হবে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
এক কর্মকর্তা বলেন, কন্টেইনারের অতিরিক্ত বোঝাইয়ের কারণে না অন্য কোনো সমস্যায় জাহাজের ভারসাম্য নষ্ট হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট জিবিএইচ লজিস্টিক্স।
