২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবার মামলায় ফাঁসানোর অভিযোগে ৮ পুলিশের বিরুদ্ধে মামলা

দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ইয়াবা দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আট পুলিশ সদস্য এবং তাদের একজন সোর্সসহ নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2020, 11:28 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে মামলাটি করা হয়।

মামলার বাদী মো. আব্দুল ওয়াহেদ বায়েজিদ আরেফিন নগর এলাকার সুমাইয়া এন্টারপ্রাইজ নামের একটি দোকানের মালিক। তিনি জমির দালাল হিসেবেও কাজ করেন।

Image
পুলিশের বিরুদ্ধে ইয়াবা মামলার ভয় দেখানোর অভিযোগ আগেও এসেছে।

পুলিশের বিরুদ্ধে ইয়াবা মামলার ভয় দেখানোর অভিযোগ আগেও এসেছে।

মামলার আসামিরা হলেন- বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সহিদুল ইসলাম, এসআই মো. নুর নবী ও গোলাম মোহাম্মদ নাছিম হোসেন, এএসআই অমিত ভট্টাচার্য্য, মো. শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম, কনস্টেবল মো. সোলাইমান ও ফৌজুল করিম এবং পুলিশের সোর্স ডোনার রুবেল।

বাদীর আইনজীবী মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনারকে (উত্তর) তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী ১ অক্টোবর এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে দেওয়া হয়েছে।

দণ্ডবিধির ৩৮৫, ৩৯৫, ১৬১, ২৯৮, ৪২০, ১০৯, ৫০৬ (২) ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।

মামলার বাদী আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৩ জুলাই রাতে মুরাদনগর জামাল কলোনিতে তিনজন ব্যক্তির সঙ্গে জমি বিক্রির বিষয়ে কথা বলছিলেন তিনি। তাদের মধ্যে একজন বিক্রেতা, দুজন ক্রেতা।

“এ সময় হঠাৎ পুলিশের লোকজন সাদা পোশাকে সেখানে আসে। তারা আমাকে বলে ৯৯৯ থেকে ফোন পেয়েছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এ সময় আমার সঙ্গে থাকা একজনকে তারা হাতকড়া পরিয়ে দেয়।

“আমাকে ডান হাঁটুতে লাঠি দিয়ে মারে। কিল ঘুষি মেরে গাড়িতে তুলে ফেলে চারজনকেই। গাড়িতে তোলার পর এএসআই অমিত ভট্টাচার্য্য প্রত্যেকের কাছ থেকে দুই লাখ টাকা করে দাবি করে। টাকা না দিলে বায়েজিদ থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক মামলা দেবে এবং ক্রসফায়ারের ভয় দেখায়। এরপর আমাদের থানায় নিয়ে আটকে রাখে।”

আইনজীবী মোহাম্মদ আলমগীর বলেন, “টাকা না পেয়ে ১৪ জুলাই বাদীকে ২৫টি ইয়াবা দিয়ে মামলা দেওয়া হয়। বাদী আব্দুল ওয়াহেদের সাথে ধরে নেওয়া হাজী মো. হোসেনকে ২০টি, মো. হানিফকে ১৫টি এবং আবুল হোসেনকে ২০টি ইয়াবা দিয়ে মামলার আসামি করা হয়।”

ওই মামলায় ২৩ দিন কারাগারে কাটিয়ে আব্দুল ওয়াহেদ জামিনে মুক্ত হন। অন্য তিনজনও জামিন পেয়েছেন বলে জানান ওয়াহেদ।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) সহিদুল ইসলামের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এ বিষয়ে কেউ আগে কখনও কোনো অভিযোগও করেনি।”