২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তুকি দিয়ে হলেও সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিতে হবে: সুজন

ভর্তুকি দিয়ে হলেও চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের (সিসিসি) প্রশাসক খোরশেদ আলম সুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2020, 07:30 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

বুধবার বিকেলে অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে সিসিসি’র স্বাস্থ্য বিভাগের সঙ্গে মত বিনিময়ে তিনি এ আহ্বান জানান।

সুজন বলেন, “আমাদের উন্নত চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নগরীতে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভতুর্কি দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছিলেন। এতে মানুষ আশা জাগানিয়া সুফল ভোগ করেছে। কিন্তু কালস্রোতে তা ধ্বংসের দিকে বিবর্তিত হয়েছে।

“উনার স্বপ্ন বাস্তবায়নে আমার যতটুকু আছে, তা উজাড় করে সিসিসির স্বাস্থ্যসেবার সুনাম ফিরিয়ে আনব।”

Image
চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের বৈঠক।

চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের বৈঠক।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এই নেতা বলেন, সিটি করপোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। নগরবাসীর সেবা নিশ্চিত করা এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।

“তাই ভর্তুকি দিয়ে হলেও নগরবাসীর সেবা অব্যহত রাখতে হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত নগরবাসীর শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।”

চট্টগ্রামের সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন জানিয়েছিলেন, তার সময়ে ২০১৮-১৯ অর্থবছরে স্বাস্থ্য খাতে প্রায় ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়েছিল সিটি করপোরেশন।

চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মেয়রের অবর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়া সুজন বলেন, “মানুষের অসহায় মুহূর্তে একজন ডাক্তারই পারেন তার মুখে হাসি ফোটাতে। একজন রোগীকে নিরাময় করে পরিবার পরিজনকে স্বস্তি দেয়া- এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। এটা অনেক বড় মানবতার কাজ।

“শুধুমাত্র টাকার জন্য যারা এ চিকিৎসা পেশায় নিয়োজিত হন, তারা অমানুষ বলে গণ্য হবেন। ডাক্তারদের উপলব্ধি করা উচিত যে মানুষ পথ সৃষ্টি করে, পথ কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না।”

চিকিৎসকদের উদ্দেশে সুজন বলেন, “এই শহরের মানুষকে আপনাদের কাছে আসতে আগ্রহী করে তুলুন। তারা যেন সেবা পায় সেটাই কাম্য। আপনাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষকে মমতা ও স্নেহ এবং সুন্দর ব্যবহার দিয়ে সেবা নিশ্চিত করতে হবে।”

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রাসাশকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, ইনচার্জ ডা. নাসিম ভুঁইয়া, ডা. আশিষ মুখার্জি, ডা. ইশরাত জাহান, ডা. তৌহিদুল আনোয়ার খান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Image
চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার নগরীর পোর্ট কানেকটিং সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার নগরীর পোর্ট কানেকটিং সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা বুধবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক সুজনের সাথে দেখা করেন।

সুজন এ সময় চট্টগ্রামের রাস্তাঘাট যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশকে আরও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বৃষ্টিতে ভেঙে যাওয়া সড়ক মেরামত, যত্রতত্র পার্কিং ও যানজট থেকে পরিত্রাণে বাস টার্মিনাল স্থাপন, ডাম্পিং স্টেশন তৈরি, টোল রোডে দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত সড়ক বাতি লাগানো এবং আগ্রাবাদের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের সামনে সড়ক বিভাজক স্থাপনের অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা।

সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের আশ্বাস দেন সুজন।

এদিকে বুধবার নগরীর পোর্ট কানেকটিং (পিসি) রোডের সাগরিকা মোড় থেকে নয়াবাজার পর্যন্ত অংশে রাস্তার উপর অবৈধভাবে গাড়ি রেখে চলমান সড়ক উন্নয়ন কাজে ‘বাধা সৃষ্টি করায়’ সাতটি ট্রাক ও কভার্ড ভ্যানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিসিসির স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।