কাজ করতে হবে যথাযথ পরিকল্পনার মাধ্যমে: সিসিসি প্রশাসক
নগরীতে যে সংস্থাই উন্নয়ন কাজ করুক না কেন, যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে তা করতে বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
মঙ্গলবার নগরীর কাপাসগোলা, বাদুরতলা ও মুরাদপুর এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।
সুজন বলেন, “চট্টগ্রাম নগরীতে একইসাথে অনেক উন্নয়ন সংস্থা কাজ করছে এরমধ্যে সিডিএ, ওয়াসা, সড়ক ও জনপথ ও বিদ্যুৎ অন্যতম। এতে পরিলক্ষিত হচ্ছে যে, শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে সীমাহীন জলজট ও যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
“চট্টগ্রাম নগরীতে যে সংস্থাই উন্নয়ন কাজ করুক না কেন, যথাযথ পরিকল্পনা অনুযায়ী করতে হবে।”
তিনি বলেন, “পারিপার্শ্বিক পরিবেশ উন্নয়নে আত্মসচেতনতাই প্রধান নিয়ামক শক্তি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন সেবকরা দিন-রাত পরিশ্রম করে বাসা-বাড়িতে ব্যবহার্য্য ময়লা-আবর্জনা সংগ্রহ করলেও অনেকে অসেচেতনভাবে রাস্তা, ড্রেন বা খালে ময়লা আবর্জনা ফেলে পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটায়। ফলে নগরবাসীকে জলজটের দুর্ভোগে পড়তে হয়। আমরা যদি একটু সচেতনতার সাথে জীবন যাপন করি তাহলে অনেক বিড়ম্বনা থেকেই রেহাই পাওয়া সম্ভব।”
মঙ্গলবার কাপাসগোলা, বাদুরতলা ও মুরাদপুর এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন সিসিসির প্রশাসক খোরশেদ আলম সুজন।
কাপাসগোলা ও চকবাজার খালসহ বেশ কিছু জায়গায় বর্জ্যের স্তূপ দেখে পরিচ্ছন্ন বিভাগের কর্মরতদের উপর অসন্তোষ প্রকাশ করেন এবং আজকের মধ্যেই এসব ময়লা দ্রুত অপসারণের নির্দেশনা দেন সুজন।
এসময় তিনি নগরবাসীকে নালা-নর্দমায় ময়লা না ফেলার আহ্বান এবং জলজট নিরসনে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের খানাখন্দ দ্রুত মেরামত করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এসময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, মোরশেদ আলম উপস্থিত ছিলেন।
