চট্টগ্রামের লোহাগাড়ায় মা-মেয়ের লাশ উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়ায় এক কিশোরী ও তার মায়ের লাশ উদ্ধার হয়েছে, যাদের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এরা হলেন- মরিয়ম আক্তার (১২) ও তার মা রাশেদা বেগম (৩৭)। রাশেদার স্বামী বাদশা মিয়া চাষের কাজ করেন। তারা পরিবার নিয়ে আধুনগর এলাকায় থাকলেও তাদের আদি বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।
মঙ্গলবার সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছন থেকে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার রাতে শাক তুলতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মরিয়ম। এনআরবি ব্যাংকের পেছনে বাড়ি থেকে দোকানের জন্য টানা একটি বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়।
“মঙ্গলবার সকালে তার মা তাকে খুঁজতে বের হন। পড়ে থাকতে গিয়ে তুলতে গিয়ে রাশেদা বেগম নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
